আইএসএলে খেলতে নামার আগে রবিবার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামল ইস্টবেঙ্গল। রবিবার নিজেদের ক্লাবের মাঠে এই প্রস্তুতি ম্যাচে মহমেডানের বিপক্ষে ২-০ গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড। তবে, এই ম্যাচের আকর্ষণ অবশ্যই ছিল মাঠভর্তি সমর্থক। ছুটির দিনে প্রিয় দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। গ্যালারিতে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এদিন খেলার প্রথমার্ধে মূলত প্রথম একাদশের সব খেলোয়াড়কেই দেখে নিলেন অস্কার। আগের প্রস্তুতি ম্যাচে না খেললেও এদিন শুরু থেকে খেললেন মহম্মদ রশিদ। খেলা শুরুর মিনিট দুয়েকের মধ্যেই ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন ডেভিড লালহানসাঙ্গা।
Advertisement
তবে, তাল কাটল প্রথমার্ধের শেষদিকে। সাদা কালো ব্রিগেডের দীনেশ মিতেইয়ের কড়া ট্যাকেলে মাথা ফাটল লাল-হলুদের রাইট ব্যাক মহম্মদ রাকিপের। মাঠ থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইএসএল শুরু হওয়ার আগেই দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। এদিকে এই ট্যাকেলের জন্য লাল কার্ড দেখতে হয় দীনেশ মিতেইকে। ঘটনাকে কেন্দ্র করে মাঠে সামান্য উত্তেজনাও তৈরী হয়। তবে, তা বড় আকার ধারণ করেনি।
Advertisement
দ্বিতীয়ার্ধের শুরুতে দলে বেশকিছু বদল আনেন ইস্টবেঙ্গল কোচ। প্রধান গোলরক্ষক প্রভসুখান গিলকে তুলে তিনি নামান দেবজিৎ মজুমদারকে। এছাড়াও, মাঠে নামানো হয় নন্দকুমার, জিকসন সিং, জেসিন টি কে’দের। মাঠে নেমে ডানপ্রান্ত থেকে দুরন্ত শটে গোল করে যান নন্দকুমার। শেষের দিকে, কিছুক্ষনের জন্য মাঠে নামানো হয় জেরিকেও। তবে, সম্ভবনা থাকলেও নতুন স্ট্রাইকার ইউসেফ ইজেজ্জারীকে এই ম্যাচে নামাননি অস্কার।
Advertisement



