এশিয়ান গেমসের(Asian Games)মঞ্চে ক্রিকেটের মতো জনপ্রিয় একটি খেলার জন্য এমন ব্যবস্থা! ড্রেসিংরুম তৈরি হয়েছে তাঁবুর মধ্যে। আর সেই তাঁবু থেকে ওয়াশরুম প্রায় ৫০০ মিটার দূরে! জাপানের আয়োজকদের এমন ব্যবস্থাপনা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে বিসিসিআই(BCCI) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) কর্তাদের। পরিস্থিতির উন্নতি না হলে এশিয়ান গেমসে (Asian Games) ভারত দল পাঠানো নিয়ে সিদ্ধান্ত বদল করতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।
২০২৬ এশিয়ান গেমস (Asian Games) হবে জাপানের আইচি-নাগোয়ায়। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, আর মহিলাদের ক্রিকেট ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে বোর্ডের তরফে এক জন পর্যবেক্ষক জাপানে পাঠানো হতে পারে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবস্থা সন্তোষজনক না হলে পূর্ণশক্তির দল না পাঠিয়ে দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনা রয়েছে।
বিসিসিআইয়ের (BCCI)ওই সূত্রের কথায়, ‘জাপানের ব্যবস্থা এবং ক্রিকেটারদের জন্য আয়োজন নিয়ে বিসিসিআই (BCCI) ও এসিসি (ACC) মোটেই খুশি নয়। বোর্ড সেখানে এক জন পর্যবেক্ষক পাঠাবে। তিনি ফিরে এসে রিপোর্ট দেবেন। ব্যবস্থাপনা যদি প্রত্যাশামতো না হয়, তা হলে আমরা সেখানে ‘বি’ দল পাঠানোর কথা ভাবতে পারি’।
শুধু ড্রেসিংরুম নয়, ওয়াশরুমের ব্যবস্থাও বিসিসিআইকে (BCCI) ভাবাচ্ছে। সূত্রটির দাবি, ‘এসিসি-র বৈঠকে আমরা জাপান অলিম্পিক্সের আধিকারিকদের জানিয়েছিলাম যে, ড্রেসিংরুমগুলি তাঁবুর মধ্যে তৈরি করা হয়েছে এবং সেই তাঁবু থেকে শৌচাগার প্রায় ৫০০ মিটার দূরে। এতে ক্রিকেটারদের জন্য যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে’।
এর সঙ্গে যোগ হয়েছে হোটেলের ঘর নিয়েও অভিযোগ। বিসিসিআইয়ের (BCCI)ওই সূত্রের বক্তব্য, ‘হোটেলের ঘরগুলিও খুব ছোট। এটাও বড় উদ্বেগের বিষয়’। এশিয়ান গেমস ক্রিকেটে ভারত গতবার সোনা জিতেছিল।
২০২৩-এ চিনের হাংঝৌয়ে ভারতীয় পুরুষ দল সোনা জিতেছিল। ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে বাছাই তালিকায় অপেক্ষাকৃত ভাল জায়গায় থাকায় আফগানিস্তানকে টপকে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এ বারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যেই শক্তিশালী দল ঘোষণা করে বিসিসিআই।
আরও পড়ুন: বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা ক্রিকেটারদের
পুরুষ দলে অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। রয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা একাধিক তারকা—যেমন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, অক্ষর পটেল, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অভিষেক শর্মা, তিলক বর্মা, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশীরা।
মহিলাদের দলেও রয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটার। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলে স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রেণুকা ঠাকুর, রাধা যাদবদের মতো পরিচিত মুখ রয়েছেন।
এখন তাই নজর বিসিসিআইয়ের (BCCI) পর্যবেক্ষকের রিপোর্টের দিকে। সেই রিপোর্টে জাপানের পরিকাঠামো নিয়ে আপত্তি থাকলে ভারতের তারকা ক্রিকেটারদের এশিয়ান গেমসে (Asian Games) পাঠানো হবে কি না, তা নিয়েই তৈরি হতে পারে নতুন জল্পনা।




