আইপিএলের প্রথম প্লে-অফে জিতে আগেই ফাইনালে ছাড়পত্র পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আমেদাবাদে ফাইনালে শুভমন গিলের গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিততে পারলে টানা দ্বিতীয়বারের জন্য আইপিএল খেতাব জিতে নেবে বিরাট কোহলির আরসিবি। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে। একইসঙ্গে সর্তকতা বাড়ছে শহরজুড়ে। ইতিমধ্যেই বেঙ্গালুরু সিটি পুলিশের পক্ষ থেকে সেখানে একাধিক কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ম্যাচ শেষে জনবহুল এলাকায় কোনও ধরনের উদযাপন করা যাবে না। বাজি ফাটানো, বাইক র্যালি, বেপরোয়া গাড়ি চালানো, অকারণে হর্ন বাজানো এবং রাস্তা অবরোধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এমনকি, অনুমতি ছাড়া রাস্তার ধারে বা খোলা জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে ম্যাচ দেখানোর উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মল, পাব বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরেও প্রকাশ্যে ম্যাচ সম্প্রচার করা যাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে ফাইনালের দিন শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।আসলে, গত বছর আরসিবির খেতাব জয়ের উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। পাশাপাশি, বহু মানুষ আহত হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার তাই আগাম সতর্ক পুলিশ-প্রশাসন।




