• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

আজও হয়তো ম্যাকা, মিগুয়েল, আপুইয়াকে ছাড়াই লড়াই মোহনবাগানের, খেলায় উন্নতি চান কোচ

আজ, শনিবার ঘরের মাঠে তাই উন্নত পারফরম্যান্স দেখানোই সবুজ-মেরুন শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জয় তো পরের ব্যাপার

আজও হয়তো ম্যাকা, মিগুয়েল, আপুইয়াকে ছাড়াই লড়াই মোহনবাগানের, খেলায় উন্নতি চান কোচ

Photo: Representational Image

আইএসএলের শেষ ম্যাচ জিতলেও যে মোটেই ভাল ফুটবল খেলতে পারেনি তাঁর দল, তা নিজেই স্বীকার করে নেন মোহনবাগান (MBSG) হেড কোচ পানায়োতিস দিমপেরিস। আজ, শনিবার ঘরের মাঠে তাই উন্নত পারফরম্যান্স দেখানোই সবুজ-মেরুন শিবিরের (MBSG) সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জয় তো পরের ব্যাপার।

গত ম্যাচে প্রচুর গোলের সুযোগ নষ্ট করে, এক ঝাঁক ভুল পাস দিয়ে এবং সারাক্ষণ অগোছালো ফুটবল খেলেও শেষে মনবীর সিং-এর গোলে ম্যাচ জেতে মোহনবাগান (MBSG)। প্রতিপক্ষ চেন্নাইন এফসি ছিল বলেই তা সম্ভব হয়।

দক্ষিণের দল সে দিন যে সব সুযোগ পেয়েছিল, সেগুলির অন্তত কুড়ি শতাংশ কাজে লাগাতে পারলেও মনবীরের গোলের আগেই একাধিক গোলে এগিয়ে যেতে পারত তারা। সারা ম্যাচে চেন্নাইন অন্তত সাতটি শট লক্ষ্যে রেখেছিল, একটি থেকেও গোল পায়নি। অন্যদিকে, মোহনবাগানও প্রায় সমসংখ্যক শট গোলে রাখে। যেখানে অন্তত তিন-চার গোল দেওয়া উচিত ছিল তাদের, সেখানে একটির বেশি গোল করতে পারেনি তারা।

তাঁর প্রাক্তন ক্লাব পাঞ্জাব এফসি  (Punjab FC)-র বিরুদ্ধে মাঠে নামার আগে শুক্রবার মোহনবাগান (MBSG) হেড কোচ দিমপেরিস বলেন, ‘প্রতি ম্যাচের শেষে আমরা পর্যালোচনা করি। আরও কীভাবে ভালো ফুটবল খেলা যায়। সব সময় চেষ্টা করি, আরও বেশি গোল করার। পাঞ্জাবের  (Punjab FC) বিরুদ্ধে নতুন একটা ম্যাচ। আর সেই ম্যাচে নামার জন্য গোটা দল তৈরি’।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা ভারতের, কোচ মুসার ভরসা তরুণ-অভিজ্ঞদের মিশ্রণ

বিষয়টাকে যে আবেগ দিয়ে দেখছেন না, তা বিশেষ ভাবে জানিয়ে দিমপেরিস বলেন, ‘মোহনবাগান ক্লাবের মতো জায়গায় কোচিং করাতে গেলে, আবেগের কোনও জায়গা নেই। এটাই একজন পেশাদার কোচের কাজ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে, মোহনবাগান কোচ হিসেবে এই ম্যাচটা জিততে চাই এবং তিন পয়েন্ট পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। পাঞ্জাব ম্যাচ পুরো আলাদা। আসলে প্রতিটা ম্যাচই আমাদের কাছে নতুন। সেই বুঝেই আমাদের পরিকল্পনা তৈরি হয়’।

চেন্নাইন ম্যাচের ছন্দহীন ফুটবল নিয়ে ফুটবলারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাঁর। সে কথা ফের স্বীকার করে নিয়ে কোচ বলেন, ‘আগের ম্যাচে যে ভাল পারফরম্যান্স হয়নি, তা স্বীকার করছি এবং সেই পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রধান সমস্যা হল খেলার গতি এবং বলের গতি। এই দুই জায়গাতেই আরও উন্নতি দরকার। দ্রুত পাস খেলে আক্রমণের গতি বাড়াতে হবে আমাদের।’

শনিবার যে দাপুটে ফুটবলই খেলতে চান, তা স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ‘আমরা দাপুটে ফুটবল এর আগেও খেলেছি এবং ভবিষ্যতেও খেলব। তবে মিগুয়েলের এখনও চোট রয়েছে। আপুইয়াও সুস্থ হয়ে ওঠেনি। সেটা অবশ্য কখনোই অজুহাত হতে পারেনা। কারণ, আমাদের দলে রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী। একটি পজিশনে খেলার জন্য ২-৩ জন ভাল মানের ফুটবলার রয়েছে আমাদের দলে। তাই অসুবিধা হওয়ার কথা নয়’।

কিন্তু এখনও প্রথম একাদশের একাধিক তারকার চোট। বিশেষ করে দলের অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। অনুশীলনের শেষ সেশনের পর যদি দেখা যায় তিনি দলকে অন্তত কিছুটা সময় সার্ভিস দিতে পারবেন, তবেই তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে।

আরও পড়ুন: ‘খুব তাড়াতাড়ি আমার ছয় ছক্কার রেকর্ড ভেঙে যাবে’, বলছেন যুবরাজ সিং, কে ভাঙতে পারেন এই নজির? কী বললেন যুবি?

তবে শুক্রবার বিকেলেও যুবভারতীতে তিনি একাই অনুশীলন করলেন। আর এক বিদেশি মিগুয়েল ফিগুয়েরাকে দেখাই গেল না। শনিবারের ম্যাচে খেলার সম্ভাবনা কার্যত নেই আপুইয়ারও। হ্যামস্ট্রিং চোটের কারণে মিগুয়েল মাঠের বাইরে। শারীরিক অসুস্থতা ও জ্বর কাটিয়ে ওঠা জাতীয় দলের মিডফিল্ডার আপুইয়াকে নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে মেডিকেল টিম।

এই অবস্থায় আজ ঘরের মাঠে কতটা উন্নত ফুটবল খেলতে পারবে সবুজ-মেরুন বাহিনী, সেটাই বড় প্রশ্ন। তবে আগের ম্যাচের মত খেললে যে পাঞ্জাবের  (Punjab FC) মতো দলকে হারানো কঠিন হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই।

পাঞ্জাবের  (Punjab FC) বর্তমান কোচ পাবলোর সঙ্গে প্যানোসের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক। তবে মাঠের লড়াইয়ে আবেগকে একপাশে সরিয়ে রেখে তিনি বলেন, ‘২০১০ সালে আমার কোচিং কেরিয়ারের শুরুর দিনগুলোতে পাবলো আমার মেন্টর ছিল। ও এক জন অসাধারণ মানুষ ও উঁচু মানের কোচ। তবে আমি যতই আবেগপ্রবণ হই না কেন, মোহনবাগানের (MBSG) কোচিং করানোর সময় সেই আবেগকে দূরে সরিয়ে রাখতে হয়’।

তবে পাঞ্জাব যে এখন লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে এবং গত তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে, এই তথ্যকে তো দূরে সরিয়ে রাখতে পারবেন না মোহনবাগান কোচ।

দেখুন: