ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অবসর নিয়ে জল্পনা মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়ানোর পর তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সিইও রাজেশ মেনন।
এক সাক্ষাৎকারে মেনন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলিকে অন্তত আরও তিন থেকে চার বছর আইপিএলে খেলতে দেখার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। এই সাক্ষাৎকারে মেনন বলেন, “আরসিবি এবং বিরাট একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শুরু থেকেই সে এই ফ্র্যাঞ্চাইজির স্থায়ী সদস্য। ক্রিকেট জীবন শেষ হলেও তাকে আরসিবির বাইরে কল্পনা করা কঠিন। তবে আগামী তিন-চার বছর সে অন্তত খেলবে বলেই আমি নিশ্চিত।”
আরসিবি কর্তার বক্তব্যে স্পষ্ট, কোহলির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়। মাঠের বাইরেও ভবিষ্যতে তাঁকে ক্লাবের সঙ্গে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। ২০২৬ আইপিএলেও কোহলি প্রমাণ করেছেন যে, তাঁর মধ্যে এখনও ফুরিয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই। গত আইপিএলে তিনি ১৬ ম্যাচে ৬৭৫ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৫.৮৪, যা একটি আইপিএল মরসুমে তাঁর সেরা স্ট্রাইক রেটগুলির অন্যতম। এই মরশুমে আরসিবি টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়। গুজরাট টাইটান্সকে হারিয়ে খেতাব জয়ের পথে কোহলির ব্যাটই ছিল দলের অন্যতম প্রধান ভরসা।
সাম্প্রতিক সময়ে কোহলির ভবিষ্যৎ নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ থাকলেও, আরসিবি সিইওর মন্তব্য সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে। সবকিছু ঠিকঠাক চললে, আইপিএলের মঞ্চে ‘কিং কোহলি’-কে আরও কয়েক বছর দেখা যাবে বলেই মনে করছে বেঙ্গালুরু শিবির।




