• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

মেসির হ্যাটট্রিক, আলজেরিয়াকে প্রায় উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযানের শুভ সূচনা বিশ্বসেরা আর্জেন্টিনার

ভারতীয় সময়ে বুধবার ভোরে কানসাস সিটি স্টেডিয়ামে জোড়া গোল নয়, একেবারে হ্যাটট্রিক দিয়ে এই বিশ্বকাপের শুভ সূচনা করলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র

চার বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে গত বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন তিনি, ঠিক যেন সেই জায়গা থেকেই এ বারের বিশ্বকাপের অভিযান শুরু করলেন লিওনেল মেসি। চার বছর আগের ফাইনালে জোড়া গোল করে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। ভারতীয় সময়ে বুধবার ভোরে কানসাস সিটি স্টেডিয়ামে জোড়া গোল নয়, একেবারে হ্যাটট্রিক দিয়ে এই বিশ্বকাপের শুভ সূচনা করলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনা তাঁর দেওয়া সেই তিন গোলেই হারাল আলজেরিয়াকে।

স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর ম্যাচে স্বাভাবিক ভাবেই নায়ক হয়ে ওঠেন অধিনায়ক মেসি। একাই তিন-তিনটি দৃষ্টিনন্দন গোল করে সারা হ্যাটট্রিক পূর্ণ দুনিয়া মাতিয়ে দিলে তিনি ছাড়া আর কে-ই বা নায়ক হবেন?

এ দিন কানসাস সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ১৭ মিনিটে বিপক্ষের বক্সের বাইরে থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন ৬০ মিনিটের মাথায় ও শেষ গোলটি আসে ৭৭ মিনিটে, যা তাঁর সারা বিশ্বজোড়া ভক্তদের মুগ্ধ করে।

৩৮ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সেরা আসরে এই পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, তিনি বিশ্বকাপে নয়, বাড়ির পাশে পাড়ার মাঠে খেলতে নেমেছেন যেন। মেসিকে বরবারই দেখলে মনে হয়, ফুটবল খেলাটা কত সহজে খেলা যায়। এ দিনও তার ব্যতিক্রম হয়নি।এই ম্যাচটি মেসির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাটট্রিকের জন্য তো বটেই, এ ছাড়াও এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ এবং একই সঙ্গে তাঁর ষষ্ঠ বিশ্বকাপের আসর।

বিশ্বকাপে ছবার খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন তিনি। পাশাপাশি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা পৌঁছল ১৬-য়, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজ-এর সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।সারা ম্যাচ জুড়ে আলজেরিয়া কয়েকটি সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার রক্ষণভাগকে খুব একটা সমস্যায় ফেলতে পারেনি। আফ্রিকার দলটির আক্রমণে তেমন ধারও ছিল না।

ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মেনে মাঠ ছাড়ে।বিশ্বচ্যাম্পিয়নদের এই জয়ের ফলে গ্রুপ ‘জে’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুরু হল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অভিযান। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আলজেরিয়ার সামনে এখন কঠিন পরীক্ষা। কারণ, তাদের পরবর্তী ম্যাচ জর্ডান-এর বিরুদ্ধে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনার সমর্থকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামা স্কালোনির দল যে এবারও বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার, আলজেরিয়ার বিরুদ্ধে সেই বার্তাই যেন জোরালোভাবে দিয়ে রাখল লিওনেল স্কালোনির দল।