চাকরি না পেয়ে হতাশা, তারপর হঠাৎ নিখোঁজ! দীর্ঘ কয়েক বছর পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। অবশেষে কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির উদ্যোগে এবং হ্যাম রেডিওর তৎপরতায় বাড়ি ফিরলেন ওড়িশার এক মেধাবী যুবক। বারুইপুরের নির্মল হৃদয় থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন দাদা। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।
ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। হাওড়া স্টেশন চত্বরে খাবার না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ওই যুবক। তাঁকে উদ্ধার করেন পুলিশ ও কয়েক জন রেলযাত্রী।

পরে মিশনারিজ অফ চ্যারিটির কলকাতার কালীঘাট শাখায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বারুইপুরের নির্মল হৃদয়ে। সেখানেই এতদিন চিকিৎসা ও পরিচর্যার মধ্যে ছিলেন তিনি।
শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন ওই যুবক। নিজের পরিচয় বা পরিবারের বিষয়ে কিছুই জানাতে পারছিলেন না।
এর পর তাঁর পরিবারের খোঁজ পেতে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করে মিশনারিজ অফ চ্যারিটি। সংস্থার তরফে খোকন মণ্ডল হ্যাম রেডিওর কাছে আবেদন জানান। শুরু হয় পরিবারের সন্ধান।

অবশেষে ওড়িশার বালেশ্বর জেলার সহদেব কুন্ত গ্রামের বাসিন্দা বাসুদেব সাহার খোঁজ পান হ্যাম রেডিওর সদস্যরা। যুবকের ছবি দেখেই তাঁকে নিজের ছোট ভাই বলে শনাক্ত করেন বাসুদেব।
জানা যায়, ওই যুবক পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। স্নাতক স্তরে রাজ্যে উল্লেখযোগ্য ফল করার পর স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।
কিন্তু তার পর থেকেই চাকরি না পাওয়ায় হতাশা গ্রাস করতে শুরু করে তাঁকে। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর কোনও সন্ধান মেলেনি।
অবশেষে শনিবার বারুইপুরের নির্মল হৃদয়ে পৌঁছে ভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান বাসুদেব। বহু বছর পর ছোট ভাইকে ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
মিশনারিজ অফ চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাসুদেব বলেন, ধর্ম আলাদা হলেও তাঁর ভাইকে যে যত্ন ও ভালোবাসা দিয়ে রাখা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মিশনারিজ অফ চ্যারিটি এবং হ্যাম রেডিওর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ওই যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরা খুশি।




