• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

‘দেশকে গর্বিত করতে ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে সেরাটা দেব’, জন্মদিনে বললেন আনোয়ার

ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগকে ‘ঐতিহাসিক’ বলছেন আনোয়ার

‘দেশকে গর্বিত করতে ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে সেরাটা দেব’, জন্মদিনে বললেন আনোয়ার

Photo: Representational Image

জন্মদিনে উপহার তো কম পাননি আনোয়ার আলি (Anwar Ali)! কিন্তু সামনে অপেক্ষা করছে ভারতীয় ফুটবলের যে অন্যতম ঐতিহাসিক সময় তা বোধহয় তাঁর জীবনের সেরা উপহার। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোয় একে একে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে বিশ্ব ফুটবলের তিন পরিচিত শক্তি—পানামা, পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এমন সুযোগ যে কোনও ফুটবলারের কাছেই স্বপ্নের মতো। জন্মদিনে সেই স্বপ্নের কথাই বললেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার(Anwar Ali)।

ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগকে ‘ঐতিহাসিক’ বলছেন আনোয়ার (Anwar Ali)। তাঁর কথায়, ‘পরের ফিফা উইন্ডোয় এমন অসাধারণ সব দলের বিরুদ্ধে খেলার সুযোগ আমাদের কাছে সত্যিই ঐতিহাসিক। বিশ্ব ফুটবলের হেভিওয়েট দলগুলির বিরুদ্ধে খেলে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভারতীয় ফুটবলের জনপ্রিয়তাও গোটা বিশ্বের কাছে আরও বাড়ানোর দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে’।

একসঙ্গে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ধন্যবাদ জানিয়েছেন আনোয়ার(Anwar Ali)। তিনি বলেন, ‘এমন উঁচু মানের ফুটবল খেলিয়ে দলগুলির বিরুদ্ধে পর পর তিনটে প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য এআইএফএফ-কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার মনে হয়, খেলোয়াড় এবং সমর্থক—দু’পক্ষের কাছেই এ এক স্মরণীয় অধ্যায় হতে চলেছে। এই ম্যাচগুলো নিয়ে যে উত্তেজনা তৈরি হচ্ছে, তা অভূতপূর্ব’।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে আগুনে লড়াই! রিয়ালের সামনে আর্সেনাল, ম্যান সিটির প্রতিপক্ষ পিএসজি ও বার্সা

তবে আনোয়ারের (Anwar Ali) উত্তেজনা যেন আরও একটু বেশি। কারণ, ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারকে খেলতে হবে ব্রাজিল এবং উরুগুয়ের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে, তাঁর চেনা ঘরের মাঠ, যুবভারতীতে। লাল-হলুদ সমর্থকদের সামনে ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে আনোয়ার (Anwar Ali) বলেন, ‘ইস্টবেঙ্গলের ফুটবলার হিসাবে ব্রাজিল এবং উরুগুয়ের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে পারব ভেবে আমি আরও বেশি উত্তেজিত। এই ম্যাচগুলিতে আমরা নিজেদের সেরাটা দেব। আশা করি, দেশবাসী আমাদের বিপুল সমর্থন করবেন এবং আমরা তাঁদের গর্বিত করার মতো পারফরম্যান্স উপহার দিতে পারব’।

ভারতের ঐতিহাসিক ফিফা উইন্ডোর শুরুটা অবশ্য কলকাতায় নয়। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বিশ্বের ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে খেলবে ভারত। তার পর ফুটবলপ্রেমীদের নজর সরবে কলকাতার দিকে।

আরও পড়ুন: তাঁবুতে ড্রেসিংরুম, ৫০০ মিটার দূরে ওয়াশরুম! এশিয়ান গেমসের ব্যবস্থা দেখে অবাক বিসিসিআই, আদৌ দল পাঠাবে ভারত?

৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার ঠিক তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারত। অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে কলকাতার ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন ব্রাজিল এবং উরুগুয়ের মতো দুই মহাতারকা ফুটবল দেশের জাতীয় দলকে।

ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন সূচি নিঃসন্দেহে বিরল। বিশ্বকাপ খেলা তিনটি দেশ পর পর ভারতে এসে জাতীয় দলের বিরুদ্ধে খেলবে। আর সেই ম্যাচগুলির দু’টি হবে কলকাতার যুবভারতীতে। ফলে আনোয়ারের মতো ভারতীয় ফুটবলারদের কাছে এই ফিফা উইন্ডো শুধু তিনটি প্রীতি ম্যাচ নয়, নিজেদের দক্ষতা প্রমাণেরও বড় মঞ্চ।

জন্মদিনে আনোয়ার (Anwar Ali) তাই আরও বড় স্বপ্ন দেখছেন। বিশ্ব ফুটবলের দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সামনে দেশের জার্সিতে মাঠে নেমে লড়াই করার। আর তাঁর লক্ষ্যও পরিষ্কার—ব্রাজিল-উরুগুয়ের নামের জৌলুসে মুগ্ধ না হয়ে মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দেশবাসীকে গর্বিত করা।

দেখুন: রাখি বন্ধনে সেনা জওয়ান, ভালোবাসায় সামিল কাশ্মীরি কন্যারা