ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে বড় জল্পনা, প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) পদ নাকি এখন টালমাটাল। বোর্ডের অন্দরে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বলেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এমনকী, তাঁর পরিবর্তে ভারতের প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়ার কথাও নাকি ভাবা হচ্ছে। সর্বভারতীয় মিডিয়ার একাংশে এমনই খবর।
সূত্রের খবর, আগরকরের (Ajit Agarkar) চুক্তির মেয়াদ গত জুনেই শেষ হওয়ার কথা ছিল। তবে বোর্ড তিন মাসের জন্য তাঁর চুক্তি বাড়িয়েছিল। সেই বর্ধিত সময়ও শেষের পথে। এর মধ্যেই রোহিত শর্মাকে (Rohit Sharma) ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনায় না রাখার ভাবনা এবং তাঁকে অবসর নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে যে খবর প্রকাশ্যে আসে, তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে বোর্ডকে ব্যাখ্যা দিতেও হয়েছিল।
বোর্ডের একাংশের মতে, এই গোটা ঘটনাই নির্বাচক কমিটির ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। তাই নির্বাচক কমিটির নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই ভিভিএস লক্ষ্মণের নাম উঠে এসেছে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। যদিও এ বিষয়ে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় ক্রিকেটে টানাপোড়েন চলছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে রোহিতের (Rohit Sharma) মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের অবস্থান এক নয়।
এখন দেখার, বোর্ড সত্যিই কি নির্বাচক কমিটির শীর্ষ পদে পরিবর্তন আনে, নাকি আগরকরের (Ajit Agarkar) উপরই আস্থা বজায় রাখে। তবে রোহিত-পর্বের পর ভারতীয় ক্রিকেট প্রশাসনে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা আর গোপন নেই।




