• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

জামিন মিলল না ক্রিকেটার অভিষেক পোড়েলের, ১৪ দিনের জেল হেফাজত, রঞ্জি, আইপিএল কেরিয়ার অনিশ্চিত

অক্টোবেরে বাংলার রঞ্জি ট্রফি অভিযান শুরু হবে। তার প্রস্তুতিও চলছে বাংলা দলে। এ মাসের শেষ দিকে বাংলা দলের পুদুচেরিতে যাওয়ার

জামিন মিলল না ক্রিকেটার অভিষেক পোড়েলের, ১৪ দিনের জেল হেফাজত, রঞ্জি, আইপিএল কেরিয়ার অনিশ্চিত

Abhishek Porel Photo-SNS

ক্রিকেটের ২২ গজে ভবিষ্যৎ গড়ার পথে এগোচ্ছিলেন বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েল। ঢুকে পড়েছিলেন আইপিএল গ্রহেও। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে থাকা দিল্লি ক্যাপিটালস দলেরও সদস্য ছিলেন, যেখানে এ মরসুমে যুবরাজ সিং ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে চলেছেন। সামনেই রয়েছে বাংলার রঞ্জি ট্রফি অভিযানও।

কিন্তু সেই সম্ভাবনাময় ভবিষ্যতের পথে আপাতত নেমে এল ঘন অন্ধকার। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিষেকের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। পুলিশ হেফাজত শেষে শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ অগাস্ট অভিষেককে ফের আদালতে পেশ করা হবে। তাই আপাতত জেলেই কাটবে তাঁর আগামী দিনগুলি।

প্রসঙ্গত, গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে হুগলির মগরা থানার পুলিশ অভিষেককে গ্রেফতার করে। ওই দিনই তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে তোলা হয় তাঁকে। কিন্তু জামিনের আবেদন মঞ্জুর হয়নি। বরং আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মগরা থানা এলাকার বাসিন্দা ওই তরুণী বর্তমানে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন। চলতি বছরের ২৩ জুন তিনি অভিষেকের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই অভিষেক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন বলে দাবি তরুণীর। এমনকি দু’জনে একসঙ্গে বিদেশেও ঘুরতে গিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তরুণীর অভিযোগ, পরবর্তী সময়ে অভিষেক ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করতে থাকেন। প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কের টানাপোড়েন একবার থানাতেও পৌঁছেছিল। যদিও তখন লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এ বার অভিযোগ পাওয়ার পর মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে। অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিকবার পুলিশ গেলেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশের পরই পুলিশ তৎপর হয়ে দমদম এলাকা থেকে ক্রিকেটারকে গ্রেফতার করে।

অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। মামলার তদন্ত চলছে। তবে আদালতের এ দিনের নির্দেশে আপাতত প্রশ্নের মুখে পড়ল তরুণ ক্রিকেটারের কেরিয়ারও। গত দুই মরসুমে অভিষেক দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের এক নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সুবিধা পেয়ে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন পোড়েল। আইপিএল ২০২৪-এর শুরুতে প্রথম এগারোয় তাঁর জায়গা না হলেও উদ্বোধনী ম্যাচে দিল্লির ইনিংসে গতি আনার প্রয়োজন পড়লে ৭ উইকেটে ১৩৮ রান থাকা অবস্থায় তাঁকে ব্যাট করতে পাঠানো হয়। এবং সেই ম্যাচে মাত্র ১০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পোড়েল।

সেই ছোট কিন্তু বিস্ফোরক ইনিংসই দিল্লি শিবিরে তাঁর জায়গা পাকা করে দেয়। তার পর আইপিএল ২০২৪-এ দিল্লির সব ক’টি ম্যাচেই খেলেছিলেন তিনি। ১৫৯.৫১ স্ট্রাইক রেটে ৩২৭ রান করেছিলেন পোড়েল এবং দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

আইপিএল ২০২৫-এ অবশ্য সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। ১৩টি ইনিংসে ২৫.০৮ গড়ে তাঁর সংগ্রহ ছিল ৩০১ রান। তা সত্ত্বেও তাঁর উপর আস্থা রেখেছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২৬-এর জন্য ৪ কোটি টাকায় তাঁকে দলে রেখে দেয় দিল্লি। কিন্তু মাঠের বাইরের এই আইনি লড়াই শেষ পর্যন্ত তাঁর ক্রিকেটজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

অক্টোবেরে বাংলার রঞ্জি ট্রফি অভিযান শুরু হবে। তার প্রস্তুতিও চলছে বাংলা দলে। এ মাসের শেষ দিকে বাংলা দলের পুদুচেরিতে যাওয়ার কথা প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে। সেই সময়ের মধ্যে জামিন না পেলে তাঁর খেলা হবে না। পরবর্তী কালে জামিন পেলেও সঙ্গে সঙ্গে তিনি ম্যাচ খেলার অবস্থায় আসতে পারবেন না। মাঠে নেমে অনুশীলন করে নিজেকে ফের ম্যাচে নামার অবস্থায় নিয়ে যেতে হবে। যদিও আগামী আইপিএল এখনো অনেক দেরি, সেই মার্চ-এপ্রিলে। কিন্তু তাঁর জীবনে এই আইনি জটিলতা এসে যাওয়ায় তাঁকে বাংলা বা দিল্লি ক্যাপিটালস দলে রাখবে কি না, তাও দেখার বিষয়।

এই নিয়ে কোনো পক্ষই কোনো ইঙ্গিত দিতে রাজি নয়। রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি বা দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ কিছুই বলেনি। তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। কিন্তু কতদিন তাঁরা অভিষেকের অপেক্ষায় থাকবেন, সেটাই দেখার।