• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট, গ্রেপ্তার হবেন প্রাক্তন মন্ত্রী?

তাছাড়া কয়েক দফায় বারবার ইন্দ্রনীল সেন এবং তাঁর একাধিক আত্মীয়কে জেরা করেছেন ইডির তদন্তকারীরা। বেশ কিছু নথি খতিয়ে

ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট, গ্রেপ্তার হবেন প্রাক্তন মন্ত্রী?

Indranil Sen Bail Rejected Image: IANS

ইউনেস্কোর নাম এবং লোগো ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আর্জি বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাইকোর্ট। তবে, চন্দননগর উৎসব সংক্রান্ত মামলায় তাঁর আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলায় ইন্দ্রনীলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক তথ্য নেই বলেই আদালতের পর্যবেক্ষণ। তবে রাজ্যের দাবি, এই মামলায় মূল অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন মন্ত্রীকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না।

বউবাজার থানার মাস আর্ট মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইন্দ্রনীল-সহ অন্যান্যদের এবং ধ্রুবজ্যোতি বসুর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নিঃসন্দেহে চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এমনকী আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রেও কোনও বাধা থাকল না। দুর্গাপুজোর পাস বিলি এবং উৎসবকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজোর ঐতিহ্যবাহী প্রিভিউ শো-র নাম করে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ।

ইউনেস্কোর নাম অপব্যবহার করে উৎসবের ভিআইপি পাস এবং টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রথম সরব হন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর দায়ের করা অভিযোগের ওপর ভিত্তি করেই তদন্তে নামে বউবাজার থানার পুলিশ এবং লিখিত এফআইআর দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। শুধু রাজ্য পুলিশের তদন্তই নয়, এই দুর্গাপুজোর পাস সংক্রান্ত প্রতারণা এবং মাস আর্ট মামলার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আরও একাধিক আর্থিক তছরুপের অভিযোগ এনে সমান্তরাল তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তাছাড়া কয়েক দফায় বারবার ইন্দ্রনীল সেন এবং তাঁর একাধিক আত্মীয়কে জেরা করেছেন ইডির তদন্তকারীরা। বেশ কিছু নথি খতিয়ে দেখেন তাঁরা। তদন্তকারীদের অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও একইভাবে ব্যাপক আর্থিক অনিয়ম এবং তছরুপ চালিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। ক্ষমতার অপব্যবহার করে নিজের ঘনিষ্ঠ কিছু সংস্থাকে নিয়মবহির্ভূতভাবে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও আছে। তাহলে কি গ্রেপ্তার হতে চলেছেন প্রাক্তন মন্ত্রী? উঠছে প্রশ্ন।