• facebook
  • twitter
Thursday, 26 March, 2026

হাওড়ায় পারফরম্যান্সের পুরস্কার তৃণমূলের পুরনো নেতাদের

জেলার একাধিক কেন্দ্রে পুরনো বিধায়কদের সরিয়ে তুলে আনা হয়েছে ব্লক ও অঞ্চল স্তরে দীর্ঘদিন ধরে কাজ করা নেতৃত্বকে।

প্রতীকী চিত্র

‘পারফরম্যান্সই শেষ কথা’— ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকেই কার্যত বাস্তবায়িত করেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলায় এবারের প্রার্থী তালিকায় স্পষ্ট, দল ভরসা রেখেছে মাঠে-ময়দানে কাজ করা সংগঠনের নেতাদের উপরই।

জেলার একাধিক কেন্দ্রে পুরনো বিধায়কদের সরিয়ে তুলে আনা হয়েছে ব্লক ও অঞ্চল স্তরে দীর্ঘদিন ধরে কাজ করা নেতৃত্বকে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে বর্তমান বিধায়ক নির্মল মাজির পরিবর্তে প্রার্থী করা হয়েছে কেন্দ্রের সভাপতি বিমল দাসকে, যিনি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষও। জগৎবল্লভপুরে সুবীর চট্টোপাধ্যায় এবং শ্যামপুরে নদেবাসী জানা— দু’জনেই দীর্ঘদিনের সাংগঠনিক মুখ— টিকিট পেয়েছেন।

Advertisement

বালি কেন্দ্রে বর্তমান বিধায়কের বদলে যুবনেতা কৈলাস মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল। ডোমজুড়ে কল্যাণ ঘোষের জায়গায় দায়িত্ব পেয়েছেন কেন্দ্র সভাপতি তাপস মাইতি, যিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষও এবং দীর্ঘদিন ধরে সংগঠন সামলাচ্ছেন। তবে সব ক্ষেত্রে বদল নয়, কিছু অভিজ্ঞ মুখের উপরও ভরসা রেখেছে তৃণমূল। উত্তর হাওড়ায় বিতর্ক সত্ত্বেও গৌতম চৌধুরীকে আবার প্রার্থী করা হয়েছে। পাশাপাশি উদয়নারায়ণপুরে সমীর পাঁজা, বাগনানে রাজা সেন, উলুবেড়িয়া দক্ষিণে পুলক রায় এবং মধ্য হাওড়ায় অরূপ রায়কেও পুনরায় সুযোগ দেওয়া হয়েছে।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, যেখানে প্রার্থী বদল হয়েছে, সেখানে মূলত সংগঠনের নির্ভরযোগ্য নেতাদেরই তুলে আনা হয়েছে। এতে একদিকে যেমন আনুগত্যের মূল্যায়ন হয়েছে, অন্যদিকে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement