বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও আক্রমণের অভিযোগের প্রতিবাদে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে সব তৃণমূল কাউন্সিলরকে বাংলায় বক্তৃতা করার আবেদন জানালেন পুরসভার তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভায় তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলরের মাতৃভাষা হিন্দি বা উর্দু হলেও, ভাষার মর্যাদা রক্ষার বার্তা দিতে তাঁরাও বাংলাতেই বক্তব্য রাখতে পারেন। শুক্রবার পুরসভার বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মাতৃভাষা উর্দু হলেও, তিনি বাংলাতেই বাজেট উপস্থাপন করেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
Advertisement
আগামী সোম ও মঙ্গলবার বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এই দু’দিনে প্রায় ৪০ জন কাউন্সিলর বক্তব্য রাখবেন। তৃণমূল সূত্রে খবর, বিরোধী দলগুলিকে বাদ দিয়ে শাসকদলের সমস্ত কাউন্সিলর বাংলাতেই বক্তৃতা করবেন। বাপ্পাদিত্য দাশগুপ্ত এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের হেনস্থার ঘটনা উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে বাংলা ভাষার সম্মান ও বাঙালির আত্মপরিচয় রক্ষায় কলকাতা পুরসভা থেকে একটি শক্ত বার্তা দেওয়া প্রয়োজন।
Advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি জাতীয় স্তরে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে শাসকদল।
Advertisement



