রাজ্যে পালাবদলের পর থেকেই একেবারে অ্যাকশন মোডে কলকাতা পুলিশ। দুর্নীতি ও তোলাবাজির মতো বিভিন্ন অভিযোগে রাজ্যের একের পর এক তৃণমূল নেতার ঠাঁই হয়েছে গারদে। এবার কলকাতায় অবৈধভাবে থাকা নাগরিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ। অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফ ডি নতুন বিভাগ চালু করা হচ্ছে।
ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও অনেক বিদেশি নাগরিকরা কলকাতায় থাকেন। মূলত তাঁদের শনাক্ত করার পাশাপাশি যাচাই করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এই এসটিএফ ডি বিভাগ। লালবাজার সূত্রের খবর, একজন ডিসির অধীনে এই টাস্ক ফোর্স কাজ করবে। সেই বিভাগের মধ্যে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ফরেনার্স ইনকুয়ারি সেকশন, ইনভেস্টিগেশন সেল, ইললিগাল মাইগ্রেন্টস সেলের আধিকারিকরা রয়েছেন।
লালবাজার সূত্রের খবর, এই টাস্ক ফোর্স ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ ও অন্যান্য প্রযোজ্য আইনের ভিত্তিতে কাজ করবে। এই বিষয়ে কলকাতার সব ডিভিশনাল ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন বিদেশি নাগরিক সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলির তদন্ত এগিয়ে নিয়ে যায়। এর পাশাপাশি তাঁরা যেন এসটিএফ ডি-কে সবরকম ভাবে সহযোগিতা করেন। দরকার হলে এসটিএফ ডি কলকাতা পুলিশের যে কোনও বিভাগের থেকে সাহায্য নিতে পারবে।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে শহরে যে সকল বিদেশি নাগরিক ও অবৈধ অভিবাসী রয়েছেন তাঁদের নথিপত্র যাচাই করবে এসটিএফ ডি। কর-সংক্রান্ত বিষয়গুলিও তারাই খতিয়ে দেখবে। শুধু তাই নয়, এই বিষয়ে তদন্ত কতদূর এগোবে সেই সংক্রান্ত রিপোর্ট পুলিশকে পাঠাবে লালবাজার।
উল্লেখ্য, লালবাজার সূত্রে জানা গিয়েছে, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও অনেক বিদেশি নাগরিক শহরে থাকছেন বলে গত কয়েক বছরে অনেকেই পুলিশের হাতে ধরা পড়েছেন। অনেকে অবৈধভাবে জাল পরিচয়পত্র তৈরি করে ভারতীয় সেজে কলকাতায় রয়েছেন। শুধু তাই নয়, তাঁরা কলকাতায় থেকে ব্যবসা করছেন বলেও জানা গিয়েছে। সেই অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজই এবার করবে এসটিএফ ডি।




