আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়। শুক্রবার মামলার শুনানি শেষে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা জানান, ১৪ অগস্ট ২০২৪ তারিখে প্রমাণ নষ্টের অভিযোগের তদন্তে সিবিআই কী কী পদক্ষেপ করেছে, সে সংক্রান্ত তথ্য দেখতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
পরিবারের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, বিচারপতি শম্পা ঘোষ জানিয়েছেন, আদালত শুধুমাত্র নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্যের মধ্যেই নিজেদের পর্যবেক্ষণ সীমাবদ্ধ রাখবে না। প্রমাণ নষ্টের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। পাশাপাশি, তথ্যপ্রমাণ লোপাট সংক্রান্ত যে রিপোর্ট সিবিআই আদালতে জমা দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা।
আইনজীবীদের আরও দাবি, ৯ অগস্ট ২০২৪ থেকে আরজি কর সংক্রান্ত যত অভিযোগ সামনে এসেছে, সেই সমস্ত বিষয় সিবিআইকে নিজেদের তদন্তের আওতায় নিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১১ ডিসেম্বর।




