সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন টুলু মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত। শুক্রবার আদালতে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার পর টুলু মণ্ডলকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে। অথচ তাঁর বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজ্যের তরফে আদালতে পেশ করা হয়নি।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বর্তমানে আদালতে উপস্থিত নেই। তাই মামলার শুনানির জন্য কিছুটা সময় দেওয়া হোক।
এর পরিপ্রেক্ষিতে টুলু মণ্ডলের আইনজীবী জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্তই তাঁর মক্কেলের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ বহাল রয়েছে। ফলে যত দ্রুত সম্ভব মামলার শুনানি গ্রহণ করা প্রয়োজন।
তবে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানান, অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকায় এই মুহূর্তে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।




