• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

সাগরে ফুঁসছে নিম্নচাপ: দক্ষিণবঙ্গের ভাগ্যে অঝোরে বৃষ্টি, চোখ রাঙাচ্ছে ঝড়

বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সাগরে ফুঁসছে নিম্নচাপ: দক্ষিণবঙ্গের ভাগ্যে অঝোরে বৃষ্টি, চোখ রাঙাচ্ছে ঝড়

Photo: file photo

সপ্তাহের শুরুর দিনই বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জল-যন্ত্রণার ছবি দেখা গিয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খান্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে নিম্মচাপটি কলকাতা থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিনই বৃষ্টি হবে।

আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি প্রথমে পশ্চিম-উত্তর-পশ্চিম এবং পরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে যাবে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সর্তকতা রয়েছে।

এদিকে সমুদ্রও উত্তাল থাকবে। এর জন্য মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উপরের জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলায় মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর, পাঁশকুড়ায় রক্ত বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ১

এদিকে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।