মহাপঞ্চমী থেকেই শহরের রাজপথে প্যান্ডেল হপিং করতে নামছেন মানুষজন। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দর্শনার্থীরা মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা দেখবেন। এমনকী গ্রামবাংলার নানা প্রান্ত থেকে মানুষজন শহরে আসবেন দুর্গাপুজোর আমেজ উপভোগ করতে। কিন্তু সঙ্গী যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কী করবেন? দুর্গাপুজোর ভিড়ে এমন কাণ্ড ঘটতেই পারে! হারিয়ে যেতে পারে ছোট বাচ্চাও। হারিয়ে যেতে পারেন প্রবীণ নাগরিকরাও। এই পরিস্থিতিতে সহায়তা করতে মহাপঞ্চমীর বিকেল থেকেই রাস্তায় নামছে ‘বন্ধু কলকাতা’। বৃহস্পতিবার লালবাজারে ‘বন্ধু কলকাতা’র ১০টি গাড়ির উদ্বোধন করবেন লালবাজারের অফিসাররা। ওই গাড়ি শহরের নানা এলাকায় ঘুরবে।
‘বন্ধু কলকাতা’ নামকরণ করা হয়েছে নিকটজনকে পথে হারালে পুলিশ তাঁকে খুঁজে দেবে এই ভাবনা থেকে। সুতরাং নবীন থেকে প্রবীণ কেউ পথ হারিয়ে ফেললে আর বিচলিত হওয়ার কিছু নেই। নিকটবর্তী পুলিশের সঙ্গে যোগাযোগ করলেই হবে সমস্যার মুশকিল আসান। লালবাজার সূত্রে খবর, দুর্গাপুজোর ভিড়ে নাবালক-নাবালিকা এবং প্রবীণরা রাস্তায় নিখোঁজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশু বা বালক-বালিকারা নিখোঁজ হয়ে যায়। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াবে ‘বন্ধু কলকাতা’র গাড়ি। এই বিষয়ে পুলিশের সঙ্গে হাত মিলিয়েছেন রাজ্য সরকারের কয়েকটি দপ্তর এবং স্বেচ্ছাসেবি সংগঠন। প্রত্যেক গাড়িতে থাকবেন একজন করে সাব ইন্সপেক্টর অথবা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল, একজন স্বেচ্ছাসেবি সংস্থার কর্মী।
সারা শহরেই ঘুরবে এই ‘বন্ধু কলকাতা’র গাড়িগুলি। গাড়িগুলির ভিতরে থাকবে বেলুন। থাকবে চিপস বা চকোলেট। এগুলি সবই নিখোঁজ শিশুদের হাতে তুলে দেওয়া হবে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন পুলিশকর্মীরা। একাধিক পুজো মণ্ডপে ‘বন্ধু কলকাতা’ ঘুরে দেখবে, কোনও শিশু বা প্রবীণ নিখোঁজ হয়েছে কিনা। ওই গাড়িতে থাকা পুলিশকর্মীরা হারানো শিশু-ব্যক্তিদের থানায় নিয়ে যাবেন। নিখোঁজ শিশু এবং প্রবীণদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখবেন থানার মহিলা পুলিশকর্মীরা।
আর থানার পুলিশকর্মীরা নজর রাখবেন, কোনও নিখোঁজের তথ্য আসছে কিনা। পুজো মণ্ডপে গিয়ে অভিভাবকরা নিখোঁজের বিষয় জানালে সেটা সংশ্লিষ্ট থানায় জানানো হবে। ওই থানা থেকে কলকাতার প্রত্যেকটি থানায় খবর যাবে। এই সূত্রেই অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হবে শিশু বা প্রবীণদের। ভোররাত পর্যন্ত এই গাড়িগুলি ঘুরবে। একইসঙ্গে রাস্তায় কেউ নিখোঁজ হয়েছে কিনা সেগুলি খতিয়ে দেখবে। নিখোঁজদের ‘বন্ধু কলকাতা’ উদ্ধার করে থানায় নিয়ে যাবে।




