• facebook
  • twitter
Thursday, 12 March, 2026

রান্নার গ্যাসের কালোবাজারি, কলকাতা জুড়ে পুলিশের কড়া নজরদারি

অতীতে একাধিক চক্রের হদিশ মিলেছিল যারা গৃহস্থালির সিলিন্ডার থেকে গ্যাস বের করে ছোট সিলিন্ডারে ভরে বেআইনিভাবে বিক্রি করত বা পরিবহনের কাজে ব্যবহার করত।

রান্নার গ্যাসের সম্ভাব্য সরবরাহ সমস্যার আশঙ্কায় শহরজুড়ে নজরদারি বাড়াল কলকাতা পুলিশ। পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে যাতে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি বা মজুতদারি না বাড়ে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের তরফে শহরের সমস্ত থানাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারের পরিবহণ ও বিতরণ প্রক্রিয়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে। পাশাপাশি সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় পুলিশের ব্যারাকে বিকল্প রান্নার ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রয়োজনে বৈদ্যুতিক চুলা বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Advertisement

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে। এর একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাস সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে গ্যাস পরিবেশকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী গ্যাস পরিবেশকদের নির্দেশ দেন, মজুত থাকা সিলিন্ডারের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থার বিস্তারিত উল্লেখ করে একটি নির্দিষ্ট কার্যপদ্ধতি তৈরি করতে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, কোনওভাবেই যেন গ্যাস সিলিন্ডারের কালোবাজারি না হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে কোথাও গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হচ্ছে কি না বা বেআইনিভাবে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারদেরও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কলকাতা পুলিশের প্রয়োগ শাখার আধিকারিকদের গ্যাস সরবরাহ ব্যবস্থার উপর নজর রাখতে বলা হয়েছে। শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডার গুদামে গিয়ে মজুতের পরিমাণ পরীক্ষা এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও নজর রাখছে, গৃহস্থালির জন্য বরাদ্দ সিলিন্ডার বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে কি না। কোনও ব্যক্তি বা চক্রকে বেআইনিভাবে সিলিন্ডার মজুত বা বিক্রি করতে দেখা গেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুলিশের দাবি, অতীতে একাধিক চক্রের হদিশ মিলেছিল যারা গৃহস্থালির সিলিন্ডার থেকে গ্যাস বের করে ছোট সিলিন্ডারে ভরে বেআইনিভাবে বিক্রি করত বা পরিবহনের কাজে ব্যবহার করত।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্যাসের উপর নির্ভরতা কমাতে পুলিশের ব্যারাকগুলিতেও বিকল্প রান্নার পদ্ধতি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement