• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

ডিউটির আগে ২ মিনিটের ভিডিও ব্রিফিং, নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের

পুলিশকর্মীদের জন্য এবার অভিনব নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। এবার থেকে ডিউটির আগে অধস্তন পুলিশকর্মী

ডিউটির আগে ২ মিনিটের ভিডিও ব্রিফিং, নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের

Photo: Representational Image

কর্মীদের জন্য এবার অভিনব নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। এবার থেকে ডিউটির আগে অধস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের ভিডিওর মাধ্যমে নির্দেশ দেবেন উচ্চপদস্থ পুলিশকর্তারা। সেই নির্দেশ অনুযায়ীই ডিউটিতে দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের।

লালবাজার সূত্রে খবর, মিছিল, বড় সমাবেশ বা বিক্ষোভের মতো আইনশৃঙ্খলা সংক্রান্ত ডিউটির আগে পুলিশকর্তারা অধস্তন আধিকারিক ও কর্মীদের ‘ব্রিফ’ করেন। কী কী করণীয়, কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

তবে লালবাজারের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে, পদস্থ আধিকারিকদের কাছে নির্দেশ পৌঁছলেও অনেক ক্ষেত্রে ডিউটিতে থাকা পুলিশকর্মী এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের কাছে তা সঠিকভাবে পৌঁছয় না। ফলে ডিউটির সময় তাঁদের নির্দিষ্ট দায়িত্ব বা ভূমিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

এই সমস্যা মেটাতেই নতুন ব্যবস্থা চালু করছে লালবাজার। সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ইন্সপেক্টরকে অধস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের জন্য ভিডিও বার্তা তৈরি করতে হবে।

ভিডিওতে আইনশৃঙ্খলা সংক্রান্ত ডিউটিতে তাঁদের কী করণীয়, তা স্পষ্ট করে জানাতে হবে। তবে ভিডিওর সময়সীমা সর্বোচ্চ দুই মিনিট। এর বেশি সময়ের ভিডিও তৈরি করা যাবে না।

তৈরি করা ভিডিও পুলিশের সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। সংশ্লিষ্ট সমস্ত পুলিশকর্মী ও আধিকারিকের কাছে ভিডিওটি পৌঁছেছে কি না, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

লালবাজারের আধিকারিকদের মতে, এর ফলে ডিউটিতে যাওয়ার আগে প্রত্যেক পুলিশকর্মী নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। মিছিল, সমাবেশ বা বিক্ষোভের মতো পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে, তা আগে থেকেই জেনে প্রস্তুত থাকতে পারবেন তাঁরা।