• facebook
  • twitter
  • youtube
Tuesday, 15 September, 2026

তোলাবাজি ও হুমকির অভিযোগে আপাতত স্বস্তি কীর্তি আজাদের, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

আদালতও সেই অবস্থানকেই গুরুত্ব দিয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে কীর্তি আজাদকে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে অন্তত সাত দিন আগে নোটিশ দিতে হবে সিআইডিকে।

তোলাবাজি ও হুমকির অভিযোগে আপাতত স্বস্তি কীর্তি আজাদের, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

MP Kirti Azad Photo-SNS

গুরুতর অভিযোগের মামলা আদালতে। কিন্তু অভিযোগের ভারে অভিযুক্তকে আগেভাগেই দোষী সাব্যস্ত করা নয়। আইনের সেই মানবিক ভারসাম্যই যেন এদিন স্পষ্ট হল কলকাতা হাইকোর্টে। তোলাবাজি ও হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

রানিগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কীর্তি। সেই মামলাতেই সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, আগামী ছয় মাস কীর্তি আজাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি। তবে তদন্ত থেকে তাঁকে দূরে সরে থাকারও সুযোগ দেওয়া হয়নি। আদালতের স্পষ্ট নির্দেশ, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে সাংসদকে।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যে অডিয়ো ক্লিপের কথা বলা হয়েছে, সেটিও এদিন আদালতকক্ষে শোনেন বিচারপতি নিজে। শুনানি শেষে বিচারপতি জানান, ওই অডিয়োতে অভিযোগের সমর্থনে তেমন কিছু খুঁজে পাননি তিনি।

অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী রাহুল সিং দাবি করেছেন, তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। টাকা না দিলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। চলতি বছরের ২১ মে এই অভিযোগে এফআইআর দায়ের করা হয় রানিগঞ্জ থানায়। অভিযোগকারীর দাবি, ঘটনাটি ঘটার প্রায় এক বছর পরে মামলা দায়ের হয়েছে।

কীর্তির আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। প্রয়োজনে ভয়েস স্যাম্পল দিতেও তিনি রাজি বলে জানান আইনজীবী। আদালতও সেই অবস্থানকেই গুরুত্ব দিয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে কীর্তি আজাদকে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে অন্তত সাত দিন আগে নোটিশ দিতে হবে সিআইডিকে।

আরও পড়ুন: নন্দীগ্রামে চন্দ্রনাথের মা-কে টিকিট দিল বিজেপি, উপনির্বাচনে রেজিনগরের প্রার্থী কে?

ছয় সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। তার আগে তদন্তের অগ্রগতি-সহ রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। অভিযোগের সত্যতা প্রমাণিত হবে কি না, তা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়াতেই স্পষ্ট হবে। আপাতত আদালতের বার্তা একটাই, অভিযোগ থাকলেই শাস্তি নয়, তদন্ত হোক আইনের পথে। সেই সঙ্গে অভিযুক্তেরও থাকুক ন্যায়বিচারের পূর্ণ সুযোগ।