• facebook
  • twitter
  • youtube
Sunday, 30 August, 2026

প্রেসিডেন্সি জেল থেকে পালানোর ছক কষেছিল আফতাব, চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

জেলে আফতাবের সঙ্গে এতদিন কারা দেখা করতে এসেছিল ইতিমধ্যেই তাদের গতিবিধিও তদন্তের আওতায় আনা হয়েছে

প্রেসিডেন্সি জেল থেকে পালানোর ছক কষেছিল আফতাব, চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

Presidency Correctional Home Photo-SNS

জেলের চার দেওয়ালের ভিতরে তাকে আটকে রাখা যাবে না। এমনই কথা অন্যান্য কয়েদিদের বলেছিল কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি। আমেরিকান সেন্টারে হামলার মূলচক্রী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আফতাব আনসারির সেল থেকে তাই বিপুল ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয়েছে। প্রেসিডেন্সি জেলে আফতাবের সেল থেকে উদ্ধার হয়েছে দুটি স্মার্টফোন এবং একটি আইফোন। তার সঙ্গে দুটি রাউটার, একটি হটস্পট ডিভাইস, ১২৮ জিবির পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার এবং নগদ ৩১ হাজার টাকা মেলে। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ এবার পেল চাঞ্চল্যকর তথ্য। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম কলে যোগাযোগ রাখত ভিন দেশের জঙ্গিদের সঙ্গে বলে সূত্রের খবর।

জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে একটা বড় ছক কষেছিল আফতাব। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান এবং দুবাই এই দুই দেশের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিল এই কুখ্যাত জঙ্গি। উদ্ধার হওয়া ফোনগুলি ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য মিললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে তদন্তকারীরা মনে করছেন। এই প্রেসিডেন্সি জেল থেকে পালানোর একটা ছক কষেছিল আফতার বলে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনার পর আফতাবের সেলে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। সেলের মধ্যে তাকে তদন্তকারীরা ম্যারাথন জেরা করছেন। সেখান থেকেই এমন তথ্য তাঁদের হাতে এসেছে বলে সূত্রের খবর।

জেলে আফতাবের সঙ্গে এতদিন কারা দেখা করতে এসেছিল ইতিমধ্যেই তাদের গতিবিধিও তদন্তের আওতায় আনা হয়েছে। প্রেসিডেন্সি জেলে আফতাব কোন বন্দিদের সঙ্গে নিয়মিত কথা বলত তাদেরও চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনে তাদের জেরা করা হতে পারে। জেলের ভিতরে বসেই পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার ছক কষা হয়েছিল বলে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এভাবেই জেল থেকে পালানোর ছক কষেছিল সে বলে সূত্রের খবর। তারপর জেল থেকে বেরিয়ে দুবাই পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

তাছাড়া কদিন আগে জেলের ভিতরে কম্পিউটার ব্যবহার করার অনুমতি চেয়েছিল আফতাব। যদিও সেই আবদার নাকচ করে দেওয়া হয়েছিল। জেল থেকে আফতাব পালাতে পারলে পাকিস্তান অথবা দুবাইয়ে গিয়ে আত্মগোপন করার পরিকল্পনাও করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছে। আমেরিকান সেন্টারে হামলা এবং খাদিম কর্তা অপহরণ মামলাতেও নাম জড়িয়েছিল আফতাবের। এখন সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। এমন কুখ্যাত অপরাধী জেল থেকে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বলে যে তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা সেটা তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। আর কী পরিকল্পনা করেছিল এই কুখ্যাত জঙ্গি সেটা জানতেই চলছে জেরা বলে সূত্রের খবর।