• facebook
  • twitter
  • youtube
Tuesday, 29 September, 2026

পুজো পরিক্রমায় ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়ি ইডির অভিযান

মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রীর কসবার বাড়িতে হানা দিল ইডি। একই সঙ্গে কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা

পুজো পরিক্রমায় ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়ি ইডির অভিযান

Image: IANS

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর নামে ভুয়ো পাস বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রীর (Indranil Sen) কসবার বাড়িতে হানা দিল ইডি (ED) । একই সঙ্গে কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা।

ইডি (ED) সূত্রে খবর, কসবা ছাড়াও হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট ১০টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হচ্ছে। তল্লাশির তালিকায় রয়েছে ইন্দ্রনীলের (Indranil Sen) আত্মীয়দের বাড়িও। হাইল্যান্ড পার্কের যে বাড়িতে তল্লাশি চলছে, সেটি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বলে খবর। এ ছাড়াও হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের (Indranil Sen) বাগানবাড়ি ‘মোহর’-এও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: শীতকালীন বায়ু দূষণ মোকাবিলায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা দিল্লির, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, বাড়ি থেকে কাজ এবং নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা

দুর্গাপুজোর আগে কলকাতার বিভিন্ন পুজোর ‘প্রিভিউ শো’-এর নামে ভুয়ো পাস বিক্রি করা হত বলে অভিযোগ। এই ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। এই ঘটনায় গত জুনে বউবাজার থানায় ইন্দ্রনীল (Indranil Sen) , তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। মধুছন্দা ওই সংস্থার সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ‘ইউনেস্কো’র নাম এবং লোগো ব্যবহার করার অভিযোগও রয়েছে। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার কয়েক মাসের মধ্যেই ‘মাস আর্ট’ নামে ওই সংগঠনটি তৈরি হয় বলে জানা গিয়েছে। সংগঠনটি নিজেদের কলকাতার দুর্গাপুজোর প্রচারে ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ হিসেবে দাবি করলেও সেই দাবির সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: ‘এল নিনো’র জন্য রবিশস্য চাষে ধাক্কার আশঙ্কা, উৎপাদন প্রভাবিত হতে পারে বলে সতর্কবার্তা কৃষি সচিবের

ইডি (ED) সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতার প্রায় ২৪টি দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস ওই সংস্থার মাধ্যমে বিক্রি করা হয়েছিল। পাসের দাম ছিল ১,৭৪৯ টাকা থেকে শুরু করে ৫,৪৯৯ টাকা পর্যন্ত। দাবি করা হয়েছিল, ইউনেস্কো ওই ২৪টি পুজোমণ্ডপকে ‘প্রিভিউ শো’-এর জন্য বেছে নিয়েছে।তবে তদন্তে এই ধরনের কোনও প্রমাণ মেলেনি বলে তদন্তকারী সূত্রে খবর।

২০২২ সালে ওই পাসের জন্য প্রায় ১৯ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। ২০২৩ সালে সংখ্যাটি বেড়ে হয় প্রায় ৩৪ হাজার এবং ২০২৪ সালে প্রায় ৬১ হাজার। এই অভিযোগের ভিত্তিতেই পরে তদন্ত শুরু করে ইডি। দুর্গাপুজোর আগে ভুয়ো পাস বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল কি না, সেই আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের অংশ হিসেবেই মঙ্গলবার ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বাড়ি-সহ কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চলছে (ED) ।

দেখুন: