• facebook
  • twitter
  • youtube
Tuesday, 29 September, 2026

শীতকালীন বায়ু দূষণ মোকাবিলায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা দিল্লির, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, বাড়ি থেকে কাজ এবং নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা

সোমবার কেন্দ্র ও দিল্লি সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, পূর্তমন্ত্রী প্রবেশ বর্মা এবং দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা

শীতকালীন বায়ু দূষণ মোকাবিলায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা দিল্লির, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, বাড়ি থেকে কাজ এবং নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা

Image: IANS

শীত আসার আগেই দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণে (Delhi Air Pollution) একাধিক পদক্ষেপের পরিকল্পনা করল কেন্দ্র ও দিল্লি সরকার। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্রে কড়াকড়ি, বাড়ি থেকে কাজের ব্যবস্থা – একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দূষণপ্রবণ এলাকায় (Delhi Air Pollution) নজরদারি বাড়ানোর পাশাপাশি নির্মাণকাজ ও বর্জ্য ব্যবস্থাতেও কড়া নজর রাখার পরিকল্পনা  নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্র এবং দিল্লি সরকার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে।

সোমবার কেন্দ্র ও দিল্লি সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, পূর্তমন্ত্রী প্রবেশ বর্মা এবং দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা। এরপর পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, গাড়ির বৈধ দূষণ নিয়ন্ত্রণের (Delhi Air Pollution) শংসাপত্র বা পিইউসি না থাকলে পেট্রলপাম্প থেকে জ্বালানি না দেওয়ার নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা হবে।

দিল্লির ৫০০টি পেট্রলপাম্পে মেয়াদ শেষ হয়ে যাওয়া পিইউসি নিয়ে গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হবে। অক্টোবরে এই বিষয়ে সচেতনতামূলক প্রচার এবং নভেম্বরে পিইউসি পরীক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করার পরিকল্পনার কথাও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ‘এল নিনো’র জন্য রবিশস্য চাষে ধাক্কার আশঙ্কা, উৎপাদন প্রভাবিত হতে পারে বলে সতর্কবার্তা কৃষি সচিবের

এছাড়া তিনটি স্বয়ংক্রিয় পরীক্ষাকেন্দ্রে প্রায় আড়াই লক্ষ গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দূষণ ও যানজটের দিক থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হবে। দিল্লির চিহ্নিত ৬২টি দূষণপ্রবণ এলাকার মধ্যে ৪২টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে (Delhi Air Pollution) এসেছে বলে দাবি সরকারের। বাকি এলাকাগুলোতেও কাজ চলছে।

গণপরিবহনে জোর দিতে আরও ১৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে দিল্লি সরকার। বর্তমানে রাজধানীতে ৫৮৮টি বৈদ্যুতিক বাস চলছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ১ নভেম্বর থেকে অনুমোদিত পার্কিং এলাকায় পার্কিং ফি দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শীতকালে অফিসের সময়সূচিতে বদলও আনা হবে। ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি পুরসভার অধীন অফিসগুলি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের অফিসগুলি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। একই সময়ে সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

দূষণপ্রবণ এলাকায় শ্মশান, আবর্জনা ফেলার জায়গা এবং নির্মাণ ও ভাঙার কাজের জায়গাগুলির উপরেও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী। শীতের দূষণ সামলাতে আগেভাগেই এই পদক্ষেপগুলি কার্যকর করার লক্ষ্য সরকারের।

দেখুন: