টিউশন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্র। শুক্রবার সিমেন্ট বোঝাই একটি বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ওই পড়ুয়ার। এই মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মাঝেরহাট স্টেশন চত্বর। তার জেরে তেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাই তাঁরা তীব্র বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী। ওই পড়ুয়া টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। তখন ওই লরি এসে তাকে চাকার তলায় পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম আনমোল ঝা। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। শুক্রবার দুপুরে রোজকার মতো টিউশন পড়তে গিয়েছিল পড়ুয়া। টিউশন সেরে যখন সে বাড়ি ফিরছিল তখন মাঝেরহাট স্টেশনের কাছে একটি সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি তাকে সজোরে ধাক্কা মারে। এমনকী লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনমোলের। এই দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং পথচলতি মানুষজন। ঘাতক লরিকে ঘিরে ধরে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম মাঝেরহাট চত্বর। লরিটি ছিল ৬ চাকার। ওই লরি দুপুরবেলা ব্যস্ত রাস্তায় কেন চলছিল? প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে খবর, এই পথ দুর্ঘটনার জেরেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা লরির সামনের কাচ ভাঙচুর করেন। সেই কাচ রাস্তায় ছড়িয়ে পড়ে। তারপরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে জায়গা পরিষ্কার করার বন্দোবস্ত করে। কেমনভাবে পথ দুর্ঘটনা ঘটল সেই নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি। সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে উত্তেজিত জনতাকে হঠাতে এবং পরিস্থিতি শান্ত করতে বেশ বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। পুলিশ লরিকে আটক করেছে এবং এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ওই পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাছাড়া তারাতলা থানা ওই ছাত্রের দেহ হাসপাতালে পাঠিয়েছে। হেলেন কেলার রোডে এই ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। লরি থামিয়ে চম্পট দেয় চালক। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারাতলা থানার পুলিশ এলাকার সিসিটিভি জোগাড় করে চালকের সন্ধান শুরু করেছে। ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। শোকে পাথর বাবা-মা।




