কলকাতা পুরভোট এখনও কয়েক মাস দূরে। তার আগেই কলকাতা পুরসভার অন্দরে শুরু হয়েছে পদত্যাগ ঘিরে জল্পনা। এবার বরো ৯-এর চেয়ারম্যান পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি ইতিমধ্যেই কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে বিশেষ পরিচিত। আচমকা তাঁর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। পুরভোটের আগে দলের অন্দরে কোনও মতবিরোধ তৈরি হয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement
মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খুলে দেবলীনা বলেন, তিনি বরো কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়ে মালা রায়ের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। যদিও সেই চিঠি এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি বলে তাঁর দাবি। দেবলীনার কথায়, ‘আমি বরো কমিটিতে যে দায়িত্বে ছিলাম, সেই পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু কোনও কারণে সেটি এখনও গ্রহণ করা হয়নি। তবে আমি কাউন্সিলর হিসেবেই কাজ চালিয়ে যাব। এলাকার মানুষের পাশে থাকব।’
Advertisement
তিনি আরও বলেন, ‘অনেকদিন এই দায়িত্ব সামলেছি। এখন মনে হয়েছে, চেয়ারটা ছাড়ার সময় এসেছে। সম্পূর্ণ সাংগঠনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যদিও ‘সাংগঠনিক কারণ’-এর কথা বললেও তাঁর এই পদক্ষেপ ঘিরে নানা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা পুরভোটের আগে এই সিদ্ধান্তকে ঘিরে তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পুরভোটের আগে কলকাতা পুরসভার অন্দরে নানা সমীকরণ বদলের ইঙ্গিত হিসেবেও দেখা হতে পারে এই ঘটনাকে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
Advertisement



