শিক্ষাকে পণ্য হতে দেবো না বলে আগেই পণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই পথে আরও একধাপ এগোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্কুল কলেজগুলিতে যাতে আরও বেশি করে এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কর্পস) শেখানো হয় তার উদ্যোগ নেবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই এনসিসি করলে একদিকে যেমন শরীর গঠন হবে অপরদিকে কর্মসংস্থানের পথও খুলে যাবে। রাজ্যের যুবক-যুবতীরা এনসিসি করলে নিরাপত্তার সঙ্গে জড়িত নানা কাজে যুক্ত হতে পারবেন।
এদিকে রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবার পশ্চিমবঙ্গের স্কুল এবং কলেজগুলিতে এনসিসি চালু করতে চান বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এনসিসি নিয়ে রাজ্য সরকারের যে পরিকল্পনা আছে সেটাও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এই এনসিসি আগের সরকার রাজ্যে চালু করেনি বলেও অভিযোগ করেন তিনি। এবার এনসিসি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত সরকার স্কুল, কলেজ থেকে এনসিসি তুলে দিয়েছিল। তার পরিবর্তে জয়হিন্দ বাহিনী শুরু করেছিল। খুব খারাপ ভাবনা নিয়ে সেটা করা হয়েছিল। এনসিসি-তে প্রশিক্ষণ নিলে নিয়মনুবর্তিতা, রাষ্ট্রপ্রেম ছাত্রাবস্থা থেকেই তৈরি হওয়া শুরু হয়। আমি তাদের এই বিষয়ে চিঠি লিখব। তারা আমাকে জানিয়েছে, এটা চালুর বিষয়ে কিছু প্রোটোকল আছে। এক্ষেত্রে স্কুল, কলেজগুলি আবেদন করবে।’
অন্যদিকে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ বাহিনী তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। যার নাম দেওয়া হয়েছে-অর্জুন বাহিনী। তেমনই এনসিসি করে যাঁরা সফল হবেন তাঁদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়া শুরু হতে চলেছে বলে খবর। রাজ্যের সরকারি স্কুল, কলেজের পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়ও আছে। সেখানেও যাতে এনসিসি-তে জোর দেওয়া হয় আবেদন করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজ্যের স্কুল, কলেজে যাতে আরও বেশি করে এনসিসি-র কার্যকলাপ ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করব। পুলিশ, দমকলবাহিনী, বন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ রাখছি।’
তাছাড়া এই ঘোষণা করার পর থেকেই অভিভাবকদের মধ্যে রীতিমতো খুশির হাওয়া বইতে শুরু করেছে। বেশিরভাগ অভিভাবকই চান, তাঁদের সন্তানরা এনসিসি শিখে দেশের কাজে নিয়োজিত হোক। এবার সেই দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতের সশস্ত্র বাহিনীই স্কুল, কলেজে এনসিসি প্রশিক্ষণ দেয়। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের স্কুল, কলেজে এই বিষয়টি চালু থাকুক তা চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেই আবার এই রাজ্যের শিক্ষাঙ্গনে এনসিসি-র প্রশিক্ষণ চালু করার বিষয়ে উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী বলে নিজেই তা জানিয়েছেন।




