আগস্ট মাস পড়লেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। এই নিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই আবহে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী ১৭ আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন রাজ্যের মহিলারা। আর সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে আবার সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে লক্ষ্মীবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে। আগামী ১৭ আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনপত্রে কোনও ত্রুটি মেলেনি, তাঁরাই শুধু ১৭ আগস্ট টাকা পাবেন। ১০ জুলাই তারিখের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে।
অন্যদিকে বহু মহিলা সমাজমাধ্যমে অভিযোগ তুলেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর পাওয়া যাবে না। তাঁরা হতাশ হয়ে পড়েছিলেন। সেখানে এবার তাঁদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের তথ্য পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৩১ জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি। প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে। সেটা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ আগস্ট দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন, কারা পাবেন না সেটা বিশদে বলব তখন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জন ৫০০ টাকা করে পেয়েছেন। মাঝে বন্ধ ছিল। ২০২২ সালের এপ্রিল মাসে ফেব্রুয়ারি এবং মার্চের টাকা একসঙ্গে পান। মোট প্রাপক ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ জন টাকা পেয়েছেন। আবার বন্ধ থাকে টাকা। ওই বছরের জুলাই মাসে ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ জন টাকা পান।’
তাছাড়া অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘আমরা ১৭ আগস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠাব। কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ মানদণ্ড আগামী ১০ তারিখ সাংবাদিক বৈঠক করে আমরা বলে দেব। ১৭ তারিখ অ্যাকাউন্টে অর্থ যাবে। বিজেপির সঙ্কল্পপত্র মেনে, সব নিয়ম মেনে এই টাকা দেওয়া হবে। একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয়, সেটা মানা হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা টাকা পাবেন। জনগণকে এখন বিভ্রান্ত করা হচ্ছে। আমরা সব নজর রাখছি। যোগ্যরা নিশ্চয়ই টাকা পাবেন। যাঁরা ভুয়ো পোস্ট করছেন, তাঁদের কেউ বিজেপিকে ভোট দেননি। বিজেপি এই রাজ্যে আগামী ১০০ বছর ক্ষমতায় থাকবে।’




