• facebook
  • twitter
  • youtube
Saturday, 25 July, 2026

অন্নপূর্ণা যোজনা কেন পাচ্ছেন না প্রকৃত মহিলা প্রাপকরা? বিজেপি বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিজের ক্ষোভ উগরে দিয়ে এবার বিধায়কদের কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যাতে দরিদ্র-যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পান

অন্নপূর্ণা যোজনা কেন পাচ্ছেন না প্রকৃত মহিলা প্রাপকরা? বিজেপি বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না বিরাট অংশের মহিলারা। এই নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে মহিলাদের মধ্যে। সেই অভিযোগ এবার হাতে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই অভিযোগ হাতে পেয়ে ভরা বিধানসভায় কড়া নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়কদের। রাজ্যের প্রত্যেকটি মহিলা যাঁরা প্রকৃত প্রাপক তাঁরা যাতে অন্নপূর্ণা যোজনা পান সেই ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প কেন সকল মহিলা পাচ্ছেন না? এই প্রশ্ন তুলে এবার বিজেপির বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত পরিষদীয় দলের বৈঠকে ওঠে ‘অন্নপূর্ণা যোজনা’। সরকারি সুবিধার প্রকৃত দাবিদাররা বাদ পড়া এবং অযোগ্যদের তালিকাভুক্ত হওয়া নিয়ে প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেন তিনি।

এদিকে মাসের পর মাস চলে যাচ্ছে। কিন্তু দেড় কোটির বেশি মহিলা এখন পাননি অন্নপূর্ণা যোজনার টাকা। তার ফলে মহিলারা হতাশ হয়ে পড়েছেন। আর রাজ্য সরকারের উপর তাঁদের ক্ষোভ তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে কেউ বা কারা মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন। যার প্রেক্ষিতেই শনিবার বিধানসভায় কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের জানান, শুধু আমলা বা প্রশাসনিক আধিকারিকদের উপর নির্ভর না করে দলীয় জনপ্রতিনিধিদের সরজমিনে নেমে দ্রুত ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ করেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই কল্যাণমুখী প্রকল্পকে নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের অপপ্রচারের থাকলেও প্রকল্পের বাস্তব রূপায়ণে প্রশাসনিকস্তরে যে বেশ কিছু গলদ মিলেছে সেগুলি অবিলম্বে ঠিক করতে হবে।

অন্যদিকে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে বারবার বলতে হয়েছে, মে মাস নয় জুন মাসে পাবেন, জুন মাস নয় জুলাই মাসে পাবেন টাকা. জুলাই মাসে না হলে আগস্ট মাসে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এই কারণে মহিলারা ক্ষুব্ধ হয়েছেন। সে কথা জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের যে তালিকা এখনও পর্যন্ত প্রস্তুত হয়েছে, সেখানে এমন বহু পরিবারের নাম অন্তর্ভুক্ত হয়েছে যাদের এই সরকারি সাহায্যের কোনও প্রয়োজনই নেই। এমন মানুষের নাম কীভাবে তালিকায় ঠাঁই পেল? তারপরই ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিকে যেমন অযোগ্য মানুষের নাম ভুয়োভাবে তালিকায় ঢোকানো হয়েছে, ঠিক তেমনই আবার অত্যন্ত দরিদ্র এবং যোগ্য বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত থেকে গিয়েছেন।’

তাছাড়া নিজের ক্ষোভ উগরে দিয়ে এবার বিধায়কদের কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যাতে দরিদ্র-যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পান। তাই বিধানসভায় শুভেন্দু অধিকারীর নির্দেশ, ‘এই অনিয়ম ও বেনিয়ম রুখতে বিধায়কদের শুধুমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। জনপ্রতিনিধিদের নিজস্ব এলাকায় জনসংযোগ বাড়াতে হবে। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠপর্যায়ে সমীক্ষা চালাতে হবে। কোন কোন অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত সেটার একটি স্বচ্ছ তালিকা প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে। অন্নপূর্ণা যোজনাকে সম্পূর্ণ স্বচ্ছ করতে বিজেপির বিধায়কদের এই দায়িত্বশীল এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’