• facebook
  • twitter
  • youtube
Saturday, 24 October, 2026

ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গ্রেপ্তার আমেরিকায়, ধৃত হিমাংশু ভাউ কে?

নীরজ বাওয়ানা গ্যাংয়ের হয়ে কাজ করত হিমাংশু। হিমাংশুর সঙ্গে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের রেষারেষি ছিল বলে সূত্রের খবর

ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গ্রেপ্তার আমেরিকায়, ধৃত হিমাংশু ভাউ কে?

Gangster Himangshu Bhau Photo-SNS

দিল্লি, হরিয়ানা পুলিশ থেকে শুরু করে এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল হিমাংশু ভাউয়ের নাম। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে একের পর এক অপরাধের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে হিমাংশু ভাউয়ের। এবার হরিয়ানার ওই গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেপ্তার হল আমেরিকায়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্যাংস্টারকে গ্রেপ্তার করেছে বলে খবর। হিমাংশু এই দেশের তদন্তকারীদের চোখ এড়িয়ে বিদেশে চলে গিয়েছিল। আর সেখান থেকেই ভারতের ভিতরে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে যুক্ত ছিল হিমাংশু। ২০২৩ সালে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করা হয় বলে সূত্রের খবর।

খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, অপহরণ-সহ নানা অপরাধের ঘটনায় অভিযোগের কেন্দ্রে ছিল হিমাংশু ভাউ। হরিয়ানার রোতহতের রিতোলি গ্রামের হিমাংশু একটা সময় দিল্লি এনসিআর, হরিয়ানা, পাঞ্জাবে তার নেটওয়ার্ক গড়ে তোলে। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশের মাটিতে বসে ভারতের নানা রাজ্যে সে তার অপরাধের নেটওয়ার্ক চালাত। ভারতে এলভিস যাদবের বাড়ির আশপাশে গুলি চালানোর ঘটনাতেও নাম জড়িয়েছিল ভাউয়ের গ্যাংয়ের। সংশোধনাগার থেকে ২০২০ সালে আরও কয়েকজন বন্দিকে সঙ্গে নিয়ে সে পালিয়ে যায়। অন্তত ১৮টি মামলায় মূল অভিযুক্ত এই হিমাংশু ভাউ।

নীরজ বাওয়ানা গ্যাংয়ের হয়ে কাজ করত হিমাংশু। হিমাংশুর সঙ্গে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের রেষারেষি ছিল বলে সূত্রের খবর। হিমাংশু এবং বিষ্ণোই গ্যাং একে অপরের প্রতিপক্ষ ছিল। একাধিক শিল্পপতি, ব্যবসায়ীকে খুন, তাদের থেকে টাকা আদায়ের সঙ্গে নানা অপরাধে তার নাম জড়িয়েছে। আমেরিকায় হিমাংশুর গ্রেপ্তার ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির জন্য সুখবর। এবার আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে হিমাংশু ভাউকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানাতে পারবে নয়াদিল্লি। আইনি প্রক্রিয়া মেনে তাকে ভারতে ফিরিয়ে বিচার করা হতে পারে।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে সদ্য বলিউড স্টার টাইগার শ্রফকে গুলি করার অভিযোগ আছে। মুম্বাইতে টাইগারকে গুলি কাণ্ডে অভিনেতা প্রাণে বাঁচলেও, শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানেও বিষ্ণোই গ্যাংয়ের নেটওয়ার্ক ঘিরে নানা প্রশ্ন উঠেছে। অপরাধের দুনিয়ায় সেই বিষ্ণোই গ্যাংয়ের প্রতিরক্ষ হিমাংশু ভাউয়ের আমেরিকায় গ্রেপ্তারের ঘটনা বেশ প্রাসঙ্গিক। ভারতের ওয়ান্টেড লিস্টে থাকা হিমাংশু ভাউ ২০২২ সালে প্রথম পুলিশের নজরে আসে। তখন ২৪ ঘণ্টায় পর পর ৩টি খুন করে হরিয়ানায় শিরোনামে আসে হিমাংশু ভাউ। আর অপরাধ জগতের অন্যতম নাম হয়ে ওঠে হিমাংশু ভাউ।