• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

খাস কলকাতায় বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি উধাও! গোপন তথ্য ফাঁস হতে পারে

বিজেপি শাসিত রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় নেতার ডায়েরি উধাও হয়ে যাওয়া মোটেই ভাল বিজ্ঞাপন নয়। তাই এখন জোরদার খোঁজ

খাস কলকাতায় বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি উধাও! গোপন তথ্য ফাঁস হতে পারে

BJP National Leader Shivprakash Photo-ANI

পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার চলছে। আর এখানেই নেতাদের প্রশিক্ষণ দিতে এসে বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি উধাও হয়ে গিয়েছে। কেউ বলছেন চুরি গিয়েছে, আবার কেউ বলছেন হারিয়ে গিয়েছে। এইসব বলা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন ওই সর্বভারতীয় নেতা। কারণ সেখানে সাংগঠনিক স্ট্র্যাটেজি লেখা রয়েছে। তার উপর বহু গোপন সমীকরণ থেকে শুরু করে নানা বিষয় লেখা রয়েছে বলে সূত্রের খবর। সেসব ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ওই সর্বভারতীয় নেতা। গত ১৬ আগস্ট সর্বভারতীয় নেতার ডায়েরি হারিয়ে গেলেও সেটা এখনও পর্যন্ত মেলেনি।

এই ডায়েরি আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই কথা বারবার বলতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সুতরাং ডায়েরি পাতালে পৌঁছে গেলেও তা খুঁজে বের করা হবে এমনটা বলছেন বহু বঙ্গ-বিজেপির নেতারা। তবে সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কেউ মুখ খুলতে চাননি। যদিও এই ডায়েরি হারিয়ে যাওয়া নিয়ে থানায় অভিযোগ এখনও দায়ের হয়নি। এই খবর পৌঁছে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও। তিনিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বরং নিউটাউন কনভেনশন সেন্টার থেকে কেমন করে উধাও হয়ে গেল হলুদ ডায়েরি তা নিয়ে দলের অন্দরে চর্চা তুঙ্গে উঠেছে বলে সূত্রের খবর।

বিজেপি শাসিত রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় নেতার ডায়েরি উধাও হয়ে যাওয়া মোটেই ভাল বিজ্ঞাপন নয়। তাই এখন জোরদার খোঁজ শুরু হয়েছে হলুদ ডায়েরির। কয়েক মাস ধরে গোটা দেশেই বিজেপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এই কর্মসূচির পোশাকি নাম ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’। গত ১৬ আগস্ট নিউটাউন কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ শিবির ছিল বিজেপি নেতা-কর্মীদের। সেখানে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এসেছিলেন প্রশিক্ষণ দিতে। নিউটাউন কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তিন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা। এমন কর্মসূচির মাঝেই শিবপ্রকাশের ডায়েরি উধাও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

তাছাড়া নয়াদিল্লি থেকে ওই হলুদ ডায়েরি নিয়ে এসেছিলেন শিবপ্রকাশ। সেটাই খোয়া গিয়েছে। এই ডায়েরিতে আগামী পরিকল্পনাও লেখা ছিল। কিন্তু সেটা যদি বিরুদ্ধ দলের হাতে কোনও কারণে পৌঁছে যায় তাহলে হিতে-বিপরীত হতে পারে। এই ডায়েরি হারানোর বিষয়ে নিউটাউন কনভেনশন সেন্টারের আধিকারিক সাগরিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হলুদ রঙের একটি ডায়েরি পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজে দেখার নির্দেশ দিই। তিনটি ডায়েরি মিলেছিল। তার মধ্যে একটা হলুদ রঙেরও ছিল। সেগুলি আমরা রাজ্য বিজেপির এক প্রতিনিধির হাতে তুলে দিয়েছি।’ তবে বিজেপি সূত্রে খবর, যে হলুদ ডায়েরি মিলেছে সেটি শিবপ্রকাশের নয়। তাহলে হলুদ জায়েরি গেল কোথায়? বাড়ছে রহস্য।