• facebook
  • twitter
  • youtube
Sunday, 1 November, 2026

৩০ দিনের মাথায় ফের বাড়ল গ্যাসের দাম, মাথায় হাত আমজনতার, কলকাতায় কত?

এর আগে জুলাই ও আগস্টে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৩ টাকা ৫০ পয়সা ও ১৯২ টাকা কমানো হয়েছিল। গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। তারপর অক্টোবরে আরও ৬২ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়।

৩০ দিনের মাথায় ফের বাড়ল গ্যাসের দাম, মাথায় হাত আমজনতার, কলকাতায় কত?

Photo: File Photo

নতুন মাস পড়তেই আমজনতার পকেটে ছ্যাঁকা। ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। পয়লা নভেম্বর থেকে গোটা দেশে কার্যকর হল নতুন দাম। দেশের মধ্যে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে সবথেকে বেশি। তবে বাড়ির রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন ঘটেনি।

কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে ১৯ কেজি এলপিজির দাম বেড়েছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৭ টাকা। ফলে নতুন দাম বেড়ে হয়েছে ২ হাজার ৯৭১ টাকা। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২ হাজার ৮২০ টাকা। চেন্নাইতে বেড়ে হয়েছে ২ হাজার ৯৯৪.৫০ টাকা। অন্যদিকে, মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১০.৫০ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৭৬৪.৫০ টাকা।

তবে বাড়ির রান্নার গ্যাসের দাম এখনও পর্যন্ত নতুন করে বাড়েনি। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দাম থাকার পর জুনে ২৯ টাকা বেড়ে হয়েছিল ৯৬৮ টাকা। এরপর থেকে ৩ মাস আর দাম বাড়েনি। এখনও পর্যন্ত কলকাতায় ১৪ কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৯৬৮ টাকায়।

বাণিজ্যিক রান্নার গ্যাস মূলত হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। প্রতি মাসে এভাবে দাম বাড়লে তাতে আমজনতার পকেটেই টান পড়বে। কারণ এই দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁর খরচ বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ মানুষকে হোটেল-রেস্তোরাঁয় খেতে গিয়ে বাড়তি টাকা গুনতে হবে।

বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেশি। এর মধ্যে সৌদি ও আলজেরিয়ার পেট্রোলিয়াম পণ্যের বাড়ানোর জন্য ভারতের বাজারে বাণিজ্যিক গ্যাসের দামে প্রভাব পড়েছে। এর আগে জুলাই ও আগস্টে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৩ টাকা ৫০ পয়সা ও ১৯২ টাকা কমানো হয়েছিল। গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। তারপর অক্টোবরে আরও ৬২ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়। এবার নভেম্বরের শুরুতেই ফের দাম বাড়ানো হল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পদক্ষেপ, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে চাকরি দেবে সরকার

অন্যদিকে, রবিবার থেকে বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দামও অনেকটাই বেড়েছে। লিটারপ্রতি ১ টাকা ৩৭ পয়সা বাড়ার ফলে নতুন দাম হয়েছে ১৩৮ টাকা ৫০ পয়সা। এর আগে ১ অক্টোবর জ্বালানির দাম লিটারপ্রতি ১৬ টাকা বেড়েছিল। সেপ্টেম্বর ও আগস্টেও দু’দফায় দাম বাড়ানো হয়েছিল। পর পর চার মাস বিমানের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী রইল।