এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ল নিউটাউনে। শনিবার সকালে স্বামীজিনগর এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুলিশকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই যুবকের দেহ বস্তাবন্দি অবস্থায় পড়েছিল। এদিন প্রাতঃভ্রমণ করতে যাঁরা বেরিয়ে ছিলেন এবং বাজার করতে যান তাঁরাই এই দৃশ্য দেখেছেন। আর তা দেখে থানায় খবর দেন তাঁরা। এই যুবককে খুন করা হয়েছে বলেই সকলের প্রাথমিক অনুমান। কিন্তু এই যুবক কে? কেন তাঁকে খুন করা হলো? নেপথ্যে কোন ঘটনা রয়েছে? উত্তর খুঁজছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের স্বামীজিনগর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত যুবকের প্রথমে পরিচয় জানা যায়নি। পরে তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। ইকো পার্ক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই রিপোর্ট আসলেই খুনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই যুবককে খুনের ঘটনার পিছনে পুরনো শত্রুতা রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কোন শত্রুতায় খুন করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। কিন্তু এটা যদি খুন বলে ময়নাতদন্তে উঠে আসে তাহলে বুঝতে হবে ভীষণ রাগ এবং হিংসা থেকেই এই হত্যা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক ট্যাটু রয়েছে। সুতরাং এই যুবক যে অত্যন্ত আধুনিক সেটা স্পষ্ট হয়েছে। এই যুবককে এক জায়গায় খুন করে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। যদি ময়নাতদন্তে এটা খুন বলে উল্লেখ করা হয় তাহলে এই দাবি মিলবেই। আর প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে পুলিশের অনুমান, কম করে তিনদিন আগে যুবককে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে।
তাছাড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তাবন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে। আর দাঁড়িয়ে থাকা একটি মোটবাইকের পিছনে উঠে চম্পট দিচ্ছে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়েছিল সেই ছবিও সামনে এসেছে। আর এই যুবক তিনদিন আগে থেকে নিখোঁজ ছিল। যুবকের দেহ রাত সাড়ে ৪টে নাগাদ ফেলে দিয়ে যায়। ওই যুবকের দেহ ফেলে কয়েক মিনিট দাঁড়িয়েছিল দুই আগন্তুক। তারপরে চলে যায়। অন্ধকারে অভিযুক্তের মুখ দেখা যায়নি। বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, দেহটি কমপক্ষে তিনদিন পুরনো।




