• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টিতে! উত্তর-দক্ষিণে আবহাওয়ার বড় আপডেট

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পুজোর সময়ে কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  

পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টিতে! উত্তর-দক্ষিণে আবহাওয়ার বড় আপডেট

Photo: পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টিতে (AI)

মহালয়ার পর থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে। আজ চতুর্থীর দিনও সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেরই পুজোয় রাতভর ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে। কিন্তু পুজোয় বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।

বৃহস্পতি-শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবারও উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

বুধবার অর্থাৎ চতুর্থীর দিন কিছু কিছু জায়গায় সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পুজোর সময়ে কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধ-শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।