মায়ানমার ও বাংলাদেশের সীমান্তবর্তী মিজোরামের লংতলাই জেলায় অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং বিদেশিদের গতিবিধির উপর নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা, উদ্বাস্তু ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠকে প্রশাসনের পাশাপাশি আসাম রাইফেলস, মিজোরাম পুলিশ, লাই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গ্রাম পরিষদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লাই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মেম্বার সি লালসাওমজুয়ালা বলেন শুধু প্রশাসন নয়, গ্রাম পরিষদ, চার্চ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগেই অবৈধ অনুপ্রবেশ রোখা সম্ভব। একই সঙ্গে তিনি ভারত-মায়ানমার সীমান্তে আরও কড়া নজরদারির আহ্বান জানান।
ডেপুটি কমিশনার ডনি লালরুয়াতসাঙ্গা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে উদ্বাস্তুদের বায়োমেট্রিক নথিভুক্তিকরণের কাজ প্রায় শেষ। তিনি গ্রাম পরিষদ ও হোটেল মালিকদের নির্দেশ দিয়েছেন, কোনও নথিহীন বিদেশি বা উদ্বাস্তু থাকলে তা প্রশাসনকে জানাতে হবে এবং বেআইনিভাবে কাউকে আশ্রয় দেওয়া যাবে না।
এছাড়া, অবৈধ অনুপ্রবেশ ও তার সঙ্গে জড়িত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। প্রশাসনের আশা, নতুন ব্যবস্থা কার্যকর হলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং সন্দেহজনক কর্মকাণ্ডের উপর নজরদারি আরও বাড়বে।




