আসামের জোরহাটে বিমান দুর্ঘটনা। শনিবার সকালে সেখানে ভারতীয় বায়ুসেনার একটি বিমান পড়ে। জানা গিয়েছে, রৌরেয়া বিমানঘাঁটির কাছে অবতরণের সময়ে এএন-৩২ ট্রান্সপোর্ট জেটটি দুর্ঘটনার মুখে পড়ে। বিমানটি অবতরণের পরেই সেটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি দু’টুকরো হয়ে যায়। দুর্ঘটনার পরেই দমকলবাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এখনও উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, শনিবার সকালে বায়ুসেনার এই বিমানটি রৌরেয়া বিমানঘাঁটিতে যাচ্ছিল। জোরহাট এয়ারবেসে ল্যান্ডিংয়ের পরেই দুর্ঘটনাটি ঘটে। তারপরেই বিমানটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। বিমানের সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। পেছনের লেজের দিকে অংশটিও কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই এর্মাজেন্সি রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছয়। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তদন্তকারীরা সবদিকটা খতিয়ে দেখার পাশাপাশি বিমানটির ব্ল্যাক বক্সের খোঁজ করছে।
উল্লেখ্য, এএন-৩২ ভারতীয় বায়ুসেনার কার্গো বিমান। ভারতীয় বিমান বাহিনী ১০০টিরও বেশি এই বিমান চালাচ্ছে। এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন বিমান হিসেবে গণ্য করা হয়। বায়ুয়েনা অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম, সেনা ও ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য এই বিমান ব্যবহার করে থাকে। এএন-৩২ বিমান ছোট রানওয়েতে ওড়ার ও অবতরণ করতে পারে। বিমানটি একেবারে ৪০ জনেরও বেশি সেনা বহন করতে পারে।




