বেসরকারি ওষুধ কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় অন্তত ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১০ জনেরও বেশি। শনিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলে ওষুধ কারখানায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে শ্রী সিটির টিল হেলথকেয়ার নামে একটি ওষুধ উৎপাদনকারী সংস্থায়। এই সংস্থাটি মূলত ট্যাবলেট তৈরি করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতের শিফটে শ্রমিকেরা কাজ করার সময় আচমকাই কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময়ে কারখানার ভিতরে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের ঘটনায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। কয়েকজন কর্মী তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আহত ১০ জনেরও বেশি শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু হয়। কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। শ্রী সিটি কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে বয়লারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
প্রযুক্তিগত ত্রুটি, নিরাপত্তা ব্যবস্থায় কোনও সমস্যা, পরিচালনাগত গাফিলতি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার পরেই হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে। নিহতদের সকলের পরিচয়ও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।




