• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

‘আমি সাধারণ মানুষ’ শপথে বার্তা দিলেন বিজয়

আমি ঈশ্বরের দূত নই। সাধারণ মানুষ

‘আমি সাধারণ মানুষ’ শপথে বার্তা দিলেন বিজয়

 

দক্ষিণী তারকা বিজয়  রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সাধারণ মানুষের সরকার গড়ার বার্তা দিলেন। শপথের পর চেন্নাইয়ে প্রথম ভাষণে তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের নতুন অধ্যায়ের সূচনা হল।‘ পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, তাঁর নেতৃত্বাধীন সরকার কোনও জোটসঙ্গীর চাপে পরিচালিত হবে না এবং সরকারের সব সিদ্ধান্তের দায়ভার তিনিই নেবেন।

ভাষণে পূর্ববর্তী ডিএমকে  সরকারের সমালোচনাও করেন বিজয়। তাঁর দাবি, আগের সরকার রাজ্যের উপর প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। তবে জনগণের সমর্থন পেলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তাঁর সরকার সর্বতোভাবে চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।

রাজ্যের মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে গঠন করা হবে বিশেষ নারী সুরক্ষা বাহিনী। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও কঠোর করা হবে বলেও ঘোষণা করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজয়। তাঁর কথায়, নতুন প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এবং নির্বাচনী ইস্তাহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবে।

ভক্তদের উদ্দেশেও আবেগঘন বার্তা দেন তিনি। তামিল ভাষায় ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’ বলে তিনি জানান, মানুষই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘আপনারাই আমার জীবন, আপনাদের ভালোর জন্যই আমি কাজ করব।‘

এদিন বিজয়ের সঙ্গে আরও ন’জন শপথ নিয়েছেন, যাঁদের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কেএ সেনগোত্তাইয়ান, আধব অর্জুন, নির্মল কুমার, এন আনন্দ, রাজ মোহন, টিকে প্রভু, অরুণ রাজ, পি ভেঙ্কটারামনন ও কীর্তনা।