বিধানসভা ভোট মিটেছে। সামনে নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবরের উপনির্বাচন। পুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভা ভোট, তারপর রাজ্যের বাকি পুরসভাগুলিতেও নির্বাচন। এই আবহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে বড় প্রশ্ন তুলে দিল নির্বাচন কমিশনেরই দেওয়া পরিসংখ্যান। সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, এসআইআর (SIR)-সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া ৩৮,২০,৬৮৩টি আপিলের মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ১,০২,২৩১টি। অর্থাৎ ৩৭,১৮,৪৫২টি আপিল এখনও বিচারাধীন।
আরও তাৎপর্যপূর্ণ হল, এই হলফনামায় কতগুলি আপিল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে এবং কতগুলি আপিল অন্যের নাম অন্তর্ভুক্তির বিরোধিতায়, তার আলাদা হিসাব দেওয়া হয়নি। অথচ এসআইআর নিয়ে শুনানিতে এই বিভাজনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, নাম বাদ যাওয়া ভোটারদের আবেদন দ্রুত শুনে তাঁদের নাম ফের তালিকায় তোলার প্রয়োজন রয়েছে কি না, তা নির্ধারণ করতে এই তথ্য কাজে লাগতে পারে।
আরও পড়ুন: রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের
এসআইআর (SIR)-পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ৭ আগস্ট পর্যন্ত ফর্ম ৬-এর মাধ্যমে ৩৪.১৩ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। এই ফর্ম ব্যবহার করা হয় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য। এর মধ্যে প্রথমবার ভোটার হওয়ার আবেদন যেমন রয়েছে, তেমনই খসড়া তালিকায় নাম বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার আবেদনও রয়েছে।
এসআইআর (SIR)-সংক্রান্ত আপিলের দ্রুত নিষ্পত্তির দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছিল, এত বিপুল সংখ্যক বিচারাধীন আপিল দ্রুত মেটাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত ট্রাইব্যুনাল প্রয়োজন কি না। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
এসআইআর (SIR)-পরবর্তী আপিলের জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রায় ৭০০ বিচারবিভাগীয় আধিকারিককেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল। কিন্তু কমিশনের সর্বশেষ হিসাব বলছে, এখনও বিপুল সংখ্যক আপিলের নিষ্পত্তি বাকি। ফলে সামনে একের পর এক ভোটের আগে এই মামলাগুলির কত দ্রুত নিষ্পত্তি হয় সেটিই এখন বড় প্রশ্ন।
দেখুন:




