হিন্দি ভাষায় রেল সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়ে মৌলিক বই লেখার জন্য পুরস্কার দেবে রেল মন্ত্রক। লাল বাহাদুর শাস্ত্রী কারিগরি মৌলিক লেখন পুরস্কার যোজনা–২০২৫-এর মাধ্যমে রেলের কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং দেশের সাধারণ নাগরিক— সকলেই অংশ নিতে পারবেন। এই প্রকল্পে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৭ হাজার টাকা। পুরস্কারের সঙ্গে দেওয়া হবে শংসাপত্রও।
রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতায় জমা দেওয়া বইটি সম্পূর্ণ মৌলিক হতে হবে। অন্য ভাষা থেকে অনুবাদ, সম্পাদনা বা ইন্টারনেট থেকে নকল করা কোনও বই গ্রহণ করা হবে না। ২০২৫ সালের পুরস্কারের জন্য ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে লেখা বা প্রকাশিত বই জমা দেওয়া যাবে। বইটি অবশ্যই রেলের কাজ, পরিচালনা বা ব্যবস্থাপনা সংক্রান্ত হতে হবে। বইয়ে অন্তত ১০০টি পৃষ্ঠা থাকতে হবে। আগে কোনও সরকারি পুরস্কার পাওয়া বই বা এই প্রকল্পে আগে জমা দেওয়া বই আবার জমা দেওয়া যাবে না।
রেল মন্ত্রক জানিয়েছে, পুরস্কার নিয়ে রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নির্বাচিত বইয়ের কপিরাইট অবশ্য লেখকের কাছেই থাকবে। আগ্রহীদের বইয়ের দুটি মুদ্রিত বা টাইপ করা কপি, প্রয়োজনীয় নথি এবং নির্ধারিত ঘোষণাপত্র-সহ ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে দিল্লিতে রেল মন্ত্রকের কাছে জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন গ্রহণ করা হবে না।




