• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

জোকা থেকে মেট্রো চলবে ইডেন গার্ডেন্স পর্যন্ত, সবুজ সংকেত দিয়েছে রেলমন্ত্রক

এমনিতেই এখন মেট্রো পরিষেবা বেশি মাত্রায় পেয়ে মুহুর্তে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যেতে পারছেন

Image: IANS

কলকাতা মেট্রো আগের থেকে অনেকটা সম্প্রসারিত হয়েছে। তাতে বিরাট উপকার হয়েছে পশ্চিমবঙ্গের মানুষজনের। আগে ঠিক হয়েছিল জোকা থেকে মেট্রো চলবে এসপ্ল্যানেড পর্যন্ত। সেটাই এবার আরও এগিয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এখন মেট্রো একদিকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া পর্যন্ত চলে। অপরদিকে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে। সেখানে জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত মেট্রো চললে তা হবে মানুষের কাছে গুরুত্বপূর্ণ লাইফলাইন।

এবার জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরকে আরও সম্প্রসারিত করে ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে রেলমন্ত্রক। এমনকী নীতিগত অনুমোদন পর্যন্ত মিলেছে বলে সূত্রের খবর। তবে হিসেব চূড়ান্ত করার পর খরচের বিষয়েও দ্রুত সিলমোহর পড়বে বলে কলকাতা মেট্রোকে জানিয়ে দিয়েছে রেল। এই সম্প্রসারণ হলে ইডেন গার্ডেন এলাকার সঙ্গে সার্কুলার রেল নেটওয়ার্কের সংযোগ আরও মজবুত হবে। সুতরাং মোহনবাগান ক্লাবের বিপরীতে তৈরি হবে নতুন একটি মেট্রো স্টেশন। যার নাম রাখা হবে ‘ইডেন গার্ডেন’। স্টেশন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমিও চিহ্নিত করেছে কলকাতা মেট্রো।

এদিকে মেট্রো পরিষেবা সম্প্রসারিত হলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে বড় দিগন্ত খুলে যাবে। এমনিতেই এখন মেট্রো পরিষেবা বেশি মাত্রায় পেয়ে মুহুর্তে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যেতে পারছেন। এখন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল করছে। মোমিনপুর এলাকা থেকে ভূগর্ভস্থ পথে এগিয়েছে মেট্রোর কাজ। মেট্রো সূত্রে খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের তলা দিয়ে টানেল তৈরির কাজ শেষ হয়েছে।

অন্যদিকে অনেকদিন ধরেই এমন প্রস্তাব জমা পড়েছিল। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসেছিলেন কলকাতায়। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন। আর মেট্রে রেলের কাজও দেখেছিলেন। তখনও বিষয়টি আলোচনায় উঠে এসেছিল। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের দূরত্ব প্রায় ১.২ কিলোমিটার। সেই অংশ জুড়েই নতুন পথে মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা করা হয়। এই সংযোগ গড়ে উঠলে শুধু ময়দান বা ক্রিকেটপ্রেমীরাই নন, সার্কুলার রেলের যাত্রীরাও সরাসরি মেট্রো পরিষেবার সুবিধা পাবেন। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ করিডর চালু করার লক্ষ্য রয়েছে ২০২৭-২৮ সাল। তবে নতুন সম্প্রসারণের অনুমোদন মিলেছে বলে প্রকল্পের কাজ আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী আড়াই বছরের মধ্যে এই রুটের গুরুত্বপূর্ণ অংশগুলি চালু হলে দক্ষিণ-পশ্চিম কলকাতা থেকে শহরের প্রাণকেন্দ্রে পৌঁছনো অত্যন্ত সহজ হবে।