• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

সক্রিয় রাজনীতিতে নীতীশপুত্র, জেডিইউতে যোগ দিলেন নিশান্ত কুমার

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এ

সক্রিয় রাজনীতিতে নীতীশপুত্র, জেডিইউতে যোগ দিলেন নিশান্ত কুমার

বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এ। রবিবার পাটনায় দলের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানান জেডিইউর শীর্ষ নেতৃত্ব। এর মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রথম পা রাখলেন নিশান্ত।

দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, জেডিইউর জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা-সহ দলের একাধিক নেতা। সেই অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যায় দলীয় কর্মী-সমর্থকদেরও উপস্থিতি দেখা যায়। নেতাদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে জেডিইউ-র সদস্যপদ নেন নিশান্ত কুমার।

দলে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে নিশান্ত জানান, সংগঠনকে শক্তিশালী করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘আমি দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে চাই। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যা প্রয়োজন, তা করার চেষ্টা করব।’ পাশাপাশি বাবার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও তিনি মন্তব্য করেন। নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে নিশান্ত বলেন, এটি তাঁর বাবার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরিবার সেই সিদ্ধান্তকে সম্মান করে।

নিশান্ত আরও বলেন, গত দুই দশকে বিহারের উন্নয়নে নীতীশ কুমারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাজ্যের মানুষ সেই কাজের মূল্যায়ন করবেন বলেও তাঁর বিশ্বাস। দীর্ঘদিন ধরেই নিশান্ত কুমারের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। প্রায় পঞ্চাশের কাছাকাছি বয়স হলেও এতদিন তিনি জনসমক্ষে খুব কমই এসেছেন। পেশায় ইঞ্জিনিয়ার নিশান্ত মূলত নিজের পেশাগত কাজেই ব্যস্ত ছিলেন। অন্যদিকে নীতীশ কুমার বরাবরই পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাই এতদিন ছেলেকে রাজনীতির বাইরে রেখেছিলেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।

তবে এবার দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন জেডিইউ নেতারা। ইতিমধ্যেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দলের একাংশের মতে, খুব শিগগিরই তাঁকে বিহারের বিধান পরিষদে পাঠানো হতে পারে। এমনকি নতুন সরকার গঠনের পর উপমুখ্যমন্ত্রী পদেও তাঁকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।