নেপালের ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) আটকে পড়া মহারাষ্ট্রের পর্যটকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১০৬ জন ভারতে ঢুকেছেন। আরও ৮৪ জনকে শনিবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নেপালের বিভিন্ন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হয়ে (Nepal Flash Flood) পড়ায় সরাসরি ফেরার পথ বন্ধ। ফলে পর্যটকদের ফিরিয়ে আনতে একাধিক বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে।
নাগপুর, আহিল্যানগর, নাসিক, পুণে, মুম্বাই এবং রায়গড়ের একাধিক পর্যটক ও তীর্থযাত্রী নেপালে বিপর্যয়কবলিত এলাকায় আটকে পড়েছিলেন। নেপাল-চিন সীমান্তের কাছে হিমবাহ এবং বরফ-পাথরের স্তর ধসে হড়পা বান (Nepal Flash Flood) নেমে আসার পরই তাঁরা বিপদের মধ্যে পড়েন।
নিরাপদে ১০৬ জন নাগপুরের পর্যটক
মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নাগপুর জেলার ১০৬ জন পর্যটকের সন্ধান মিলেছে এবং তাঁরা নিরাপদে রয়েছেন। তাঁদের মধ্যে চার জনকে সরাসরি বিমানে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। বাকি ১০২ জন বাসে করে পাটনায় পৌঁছেছেন। সেখানে রাত কাটানোর পর শনিবার সকাল ৭টায় নাগপুরগামী ট্রেনে তাঁদের রওনা হওয়ার কথা।
তবে অন্যান্য পর্যটক দলের ক্ষেত্রে উদ্ধার ও প্রত্যাবর্তনের পথ আরও জটিল হয়ে উঠেছে। রাস্তা ভেঙে যাওয়া এবং একাধিক রুট বন্ধ থাকায় তাঁদের বিকল্প পথে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: নেপাল থেকে বাংলায় ফেরানো হচ্ছে ২জনকে, এখনও নিখোঁজ ৩৭
লুম্বিনী হয়ে অযোধ্যার পথে ৪৫ জন
সঙ্গমনগর পর্যটন সংস্থার মাধ্যমে নেপালে যাওয়া ৪৫ জনের একটি দল চিতওয়ানে পৌঁছেছে। এই দলে আহিল্যানগরের ২৭ জন, নাসিকের ১২ জন, পুণের পাঁচ জন এবং মুম্বাইয়ের এক জন রয়েছেন।
কাঠমাণ্ডুর সঙ্গে সরাসরি যোগাযোগকারী রাস্তাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের দীর্ঘ বিকল্প পথ বেছে নিতে হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, লুম্বিনী হয়ে তাঁরা ভারতে ঢুকবেন এবং শনিবার অযোধ্যা হয়ে দেশে ফেরার চেষ্টা করবেন।
বিকল্প পাহাড়ি পথে রায়গড়ের তীর্থযাত্রীরা
রায়গড়ের জয় গিরনারী শিবদত্ত মন্দিরে ট্রাস্টের উদ্যোগ যাওয়া ৩৭ জনের একটি তীর্থযাত্রী দল চিনের সাগা এলাকায় পৌঁছেছে। দলের সঙ্গে রয়েছেন ২ জন চিকিৎসক। প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩৭ জনই সুস্থ রয়েছেন।
কাঠমাণ্ডু বিমানবন্দরে পৌঁছতে দলটি বিকল্প পাহাড়ি পথ ব্যবহার করা হয়েছে। সেখান থেকে শনিবার বিমানে ভারতে ফেরার কথা তাঁদের।
এদিকে কাঠমাণ্ডুতে এখনও আটকে থাকা নাসিকের আরও ১১ জন পর্যটককে দেশে ফিরিয়ে আনতে কাজ চালাচ্ছে মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা দপ্তর।
আরও পড়ুন: নেপালের উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত, চাপে পড়ে আন্তর্জাতিক সাহায্য নিতে রাজি নেপাল
২৪ ঘণ্টার ‘ওয়ার রুম’ মহারাষ্ট্রে
নেপালে আটকে থাকা (Nepal Flash Flood)পর্যটকদের দ্রুত সাহায্য করতে মুম্বাইতে ২৪ ঘণ্টার ওয়ার রুম চালু করেছে মহারাষ্ট্র স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নিখোঁজ বা আটকে থাকা আত্মীয়দের বিষয়ে তথ্য জানতে পরিবারের সদস্যরা ১০৭০ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন।
জেলাশাসকদেরও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ডিজিটাল জিও-ট্র্যাকিংয়ের মাধ্যমে পর্যটকদের সঙ্গে নিয়মিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আটকে থাকা পর্যটক ও তাঁদের পরিবারের সদস্যদেরও নির্দিষ্ট অবস্থানের তথ্য রাজ্য সরকারের বিশেষ সহায়তা পোর্টালে জানানোর অনুরোধ করা হয়েছে।
মহারাষ্ট্র সরকার জানিয়েছে, নেপালে আটকে (Nepal Flash Flood) থাকা বাকি পর্যটকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক এবং নেপালের স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
দেখুন: নেপালে উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও ৩১৫-র বেশি নিখোঁজ: বিদেশমন্ত্রী




