• facebook
  • twitter
  • youtube
Saturday, 5 September, 2026

নেপালে উদ্ধার আরও ৩ ভারতীয়, এখনও পর্যন্ত উদ্ধার ১৬৯, জানাল বিদেশমন্ত্রক

উদ্ধার হওয়া তিনজন হলেন অভিজিৎ সুরেশ পাওয়ার, দীপিকা অভিজিৎ পাওয়ার এবং পাঁচ বছরের সমর্থ অভিজিৎ পাওয়ার

নেপালে উদ্ধার আরও ৩ ভারতীয়, এখনও পর্যন্ত উদ্ধার ১৬৯, জানাল বিদেশমন্ত্রক

Image: ANI

নেপালে ভয়াবহ হড়পা (Nepal Flash Flood) বানে উদ্ধার কাজ চলছে। শুক্রবার ত্রিশূলী জলবিদ্যুৎপ্রকল্প ৩এ থেকে দু’জন কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।  ত্রিশূলী বাজার থেকে আরও তিন ভারতীয় নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

উদ্ধার হওয়া তিনজন হলেন অভিজিৎ সুরেশ পাওয়ার, দীপিকা অভিজিৎ পাওয়ার এবং পাঁচ বছরের সমর্থ অভিজিৎ পাওয়ার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। উদ্ধার হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস। খুব তাড়াতাড়িই তাঁদের ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পকেট খরচ বাঁচিয়ে বন্যাদুর্গতদের পাশে নেপালের পড়ুয়ারা

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) পর থেকেই নেপালে বেশ কিছু এলাকা তছনছ হয়ে গিয়েছে। বহু ভারতীয় পর্যটক ও কর্মসূত্রে নেপালে থাকা নাগরিকরাও সেখানে আটকে পড়েন। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, নেপাল-তিব্বত সীমান্তবর্তী দুর্গত এলাকায় এখনও ২৭৫ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তবে মোট ১৬৯ জন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিপর্যয়ের (Nepal Flash Flood) শুরু থেকেই নেপালে পাশে দাঁড়িয়েছে ভারত। শুক্রবার পর্যন্ত প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে পড়শি দেশ নেপালে। পাশাপাশি উদ্ধারকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও পাঠানো হয়েছে। ভারত নেপালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল(Randhir Jaiswal)।

নেপাল সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত দুর্গত এলাকা থেকে ১,২৯৫ জনের দেহ উদ্ধার হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১২ হাজারেরও বেশি মানুষকে। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রায় পাঁচ হাজার মানুষ এখনও নিখোঁজ থাকায় তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দেখুন: