• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

উজ্জয়িনী স্টেশনে অভিযান এনসিবি-এর, ট্রেন থেকে উদ্ধার ১ কেজিরও বেশি হেরোইন

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

মধ্যপ্রদেশের উজ্জয়িনী রেলস্টেশনে অভিযান চালিয়ে বড়সড় মাদক পাচার চক্র ভণ্ডুল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার ভোররাতে তারা এক যুবককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ক্ষিপ্রা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১.০৬ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটিরও বেশি টাকা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এনসিবি-এর কাছে আগে থেকেই গোপন তথ্য ছিল যে রাজস্থানের প্রতাপগড় থেকে পশ্চিমবঙ্গের হাওড়াগামী একটি  ট্রেনে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ উজ্জয়িনী স্টেশনে থাকা ক্ষিপ্রা এক্সপ্রেসের (২২৯১১) কামরায় অভিযান চালান আধিকারিকরা।

তল্লাশির সময়ে প্রতাপগড়ের বাসিন্দা রমেশ চন্দ্র নামে এক যুবককে এনসিবি-এর আধিকারিকরা আটক করেন। পরে তাঁর ব্যাগ থেকে প্রায় ১.০৬ কেজি হেরোইন উদ্ধার হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে কোথায় এই চালান পৌঁছানোর কথা ছিল তা জানতে তদন্তকারীরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন।

এনসিবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে একটি বড় মাদক পাচার চক্রের হদিস মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।