মণিপুরে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় একাধিক অভিযানে ৬৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি একে সিরিজের রাইফেল এবং ১১টি আমেরিকায় তৈরি অত্যাধুনিক রাইফেল। পাশাপাশি বিপুল পরিমাণ গুলি, বিস্ফোরক এবং যুদ্ধ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-পামবেই গোষ্ঠীর চার জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মণিপুর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার লামশাং এলাকায় লুট হওয়া অস্ত্র এবং গুলি বেআইনিভাবে বিক্রির চেষ্টা চলছে বলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই বুধবার লামডেং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
Advertisement
অভিযানের সময় ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-পামবেই গোষ্ঠীর সক্রিয় সদস্য হেইশনাম থমাস সিং এবং আরামবাম টমটম সিংকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, একটি লাইট মেশিন গান, তিনটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড অক্ষত গুলি উদ্ধার করা হয়েছে।
Advertisement
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় ধৃতদের সহযোগীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পরে আরও দুই জঙ্গি— নিংথৌজাম রাকেশ সিং এবং চিংখাম মহেশ সিংকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর উপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের স্বঘোষিত ল্যান্স কর্পোরাল নাওরেম বিজয় ওরফে মাচার নির্দেশেই তারা উদ্ধার হওয়া অস্ত্র বিক্রি করতে এসেছিল। এছাড়া অতীতেও তারা লুট হওয়া অস্ত্র এবং গুলি বেআইনিভাবে বিক্রির সঙ্গে যুক্ত ছিল বলেও স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
এরপর ধৃতদের তথ্যের ভিত্তিতে মণিপুর পুলিশ, আসাম রাইফেলস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী যৌথভাবে লামডেং এলাকায় অবস্থিত একটি বেআইনি জঙ্গি শিবিরে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একে সিরিজের রাইফেল, এম সিরিজের রাইফেল, পিস্তল-সহ মোট ২৯টি অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ফের আরেকটি অভিযানে আরও ৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে একে সিরিজের রাইফেল, এম সিরিজের রাইফেল, স্নাইপার রাইফেল, কার্বাইন, শটগান, মর্টার, আরপিজি-৭ লঞ্চার এবং অ্যান্টি-ড্রোন জ্যামার। পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক এবং গুলিও উদ্ধার হয়েছে।
পুলিশ সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছে, কারও কাছে লুট হওয়া বা বেআইনি অস্ত্রের খবর থাকলে দ্রুত নিকটবর্তী থানায় বা নিরাপত্তা বাহিনীকে জানাতে।
উল্লেখ্য, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-পামবেই গোষ্ঠী ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে তারা হিংসা এবং জঙ্গি কার্যকলাপ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারপরও এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে।
এদিকে ভারত-মায়ানমার সীমান্তেও পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। তেংনৌপাল জেলার মোরে থানার অন্তর্গত সীমান্ত স্তম্ভ নম্বর ৭২ এবং ৭৩-এর কাছাকাছি এলাকা থেকে একটি সেলফ লোডিং রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, চারটি রেডিও সেট, রেডিও চার্জার এবং চারটি আইইডি উদ্ধার করা হয়েছে। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই আইইডিগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে।
Advertisement



