• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

অরুণাচলকে ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে ফের জানাল ভারত

চিনের নামবদলের চেষ্টায় কড়া জবাব কেন্দ্রের

অরুণাচলকে ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে ফের জানাল ভারত

অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনে চিনের উদ্যোগকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করল ভারত। রবিবার বিদেশ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের ‘ভিত্তিহীন ও কৃত্রিম নামকরণ’ কোনওভাবেই বাস্তবতা বদলাতে পারবে না।

বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতের ভূখণ্ডের অংশ এমন জায়গাগুলির জন্য চিনের পক্ষ থেকে কৃত্রিম নাম দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই ধরনের ভিত্তিহীন দাবি ও ভ্রান্ত প্রচার বাস্তব সত্যকে বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ-সহ এই সমস্ত অঞ্চল অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’

তিনি আরও জানান, এই ধরনের পদক্ষেপ ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। তাঁর কথায়, ‘এই ধরনের পদক্ষেপ সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার প্রচেষ্টাকে দুর্বল করে। চিনের উচিত এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকা।’

উল্লেখ্য, এর আগেও একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নতুন নাম ঘোষণা করেছে চিন, যাকে তারা অন্য নামে উল্লেখ করে। সেই সময়ও ভারত এই পদক্ষেপকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছিল। ভারতের স্পষ্ট বার্তা, নাম পরিবর্তনের এই ধরনের প্রচেষ্টা কোনওভাবেই বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে না এবং অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।