• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

তৃণমূলের নেতা অজিত মাহাতো গ্রেপ্তার, সরকারি চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ

তাছাড়া ওই যুবক আরও জানান, একই কায়দায় সরকারি চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ

তৃণমূলের নেতা অজিত মাহাতো গ্রেপ্তার, সরকারি চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ

Ajit Mahato Arrested Photo-SNS

সরকারি চাকরি পাইয়ে দেবেন। আর তার জন্য লাগবে ১০ লক্ষ টাকা। এভাবে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা। অজিত মাহাতোকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। তারপর ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ। বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সে চাকরি হয়নি। সুতরাং এটা আর্থিক প্রতারণা। বৃহস্পতিবার মাঝরাতে গ্রেপ্তার করা হয়েছে অজিতকে। শুক্রবার তোলা হয় আদালতে। যদিও অজিতের পরিবারের দাবি, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন বলেই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে গোপীবল্লভপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত মাহাতো। তিনি এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। চাকরি এবং টাকা কিছুই না পেয়ে ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪) ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অভিযুক্তকে দেন বলে দাবি যুবকের। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সজলের চাকরি হয়নি। আবার তিনি টাকা ফেরত চাইলেও তা মেলেনি দাবি যুবকের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। এরপর তৃণমূল দু’ভাগে রাজ্যে ভেঙে গেলে অজিত মাহাতো মমতা শিবিরেই ছিলেন। এই অজিত মাহাতো সরকারি চাকরির জন্য ১০ লাখ টাকা নিয়ে ফেরত না দিলে তা চান যুবক সজল। তখন তাঁকে প্রাণনাশের হুমকি দেন অজিত বলে অভিযোগ।

তাছাড়া ওই যুবক আরও জানান, একই কায়দায় সরকারি চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ তুলেছে বলে জানতে পেরেছেন। এই অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানায় গত ২৯ তারিখ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩০৮(৫)/৩৫১(৩)/১১১(৩)/৬১(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ অজিত মাহাতোকে গ্রেপ্তার করে। রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অজিতের পরিবারের পাল্টা অভিযোগ, মাঝরাতে শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে অজিতকে নিয়ে গিয়েছে পুলিশ।