• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, তদন্তে চারু মার্কেট থানা

এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হলো। ১ কোটি ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতার বিরুদ্ধে। গত ১৯ মে অভিযোগ দায়ের করা হয়েছিল। এক ব্যবসায়ী এই প্রতারণার অভিযোগ দায়ের করেন। এবার এই অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজ্যে পালাবদলের পরই অ্যাকশন মুডে নেমেছে পুলিশ।

ওই ব্যবসায়ীর অভিযোগ, সিনেমা বানানোর নামে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছেন সোহম চক্রবর্তী। কিন্তু সিনেমা না করে সেই টাকা আত্মসাৎ করেন অভিনেতা। এখন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে নানা অভিযোগে। তোলাবাজি থেকে শুরু করে হুমকি, আক্রমণ করার অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন অনেকে। এবার খোদ অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল।

গতকালই গ্রেপ্তার করা হয়েছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। মহিলা মেকআপ আর্টিস্টকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্বরূপের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, মারধর, হুমকি-সহ নানা অভিযোগ ছিলই। তার সঙ্গে শ্লীলতাহানি যুক্ত হওয়ায় গ্রেপ্তার করা হয় স্বরূপকে। আজ তাঁকে আদালতে তোলা হয়েছে। আর সিনেমা বানানোর নাম করে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে কথা না রাখার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।

এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। অভিযোগকারী তরুণ দাস বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা। তিনি চলচ্চিত্র প্রযোজকও বটে। তাঁর দাবি, সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পর তিনি ছবির কাজে অংশ নেননি। উলটে পাল্টা অভিযোগ আনেন সোহম। অভিনেতার অভিযোগ ছিল, ওই প্রযোজকের পক্ষ থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোহমের বিরুদ্ধে অভিযোগ, টাকা ফেরত চাইলে প্রযোজককে হুমকি দেওয়া হয়।