• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

নায়ক হতে পারলেন না লালমপুইয়া! ৩ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের, তবু শেষরক্ষা হল না

সৌম্যজিৎ সরকারের শট আটকে দেন কাজাখস্তানের গোলরক্ষক। অন্য দিকে, ঝানসেইত আবুজুসিপ গোল করে কাজাখস্তানের জয় নিশ্চিত করেন। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে যায় তারা

নায়ক হতে পারলেন না লালমপুইয়া! ৩ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের, তবু শেষরক্ষা হল না

Photo: Representational Image

আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল (India U-15 ) উৎসবে ৮৫ থেকে ৮৮ নম্বর স্থানের জন্য ম্যাচের প্রথম ১০ মিনিটেই তিন গোল হজম করে বসে ভারত। কিন্তু তার পরেই শুরু হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

ম্যাচের ষষ্ঠ মিনিটে আলিখান কুয়ান্ডিকের গোলে এগিয়ে যায় কাজাখস্তান। তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন কুয়ান্ডিক। ১০ মিনিটে আর্থুর আবদুশেয়েভের গোলে ৩-০-য় এগিয়ে যায় কাজাখস্তান।

সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু ভারতের (India U-15 )। ১২ মিনিটে ভিক্টর লালমপুইয়ার গোলে ব্যবধান কমে। তিন মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করে ভারতকে আরও কাছে নিয়ে আসেন তিনি। ১৮ মিনিটে দুরন্ত ব্যক্তিগত দক্ষতায় গোল করে সমতা ফেরান লালরেম রুয়াতফেলা।

আরও পড়ুন: বিরাট কোহলি অকল্যান্ড বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে প্রবল উন্মাদনা ভক্তদের, হিমশিম নিরাপত্তারক্ষীরা!

প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার গোল লালমপুইয়ার। হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পাশাপাশি ভারতকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ ফুটবলার। মাত্র কয়েক মিনিটের মধ্যে তিন গোলের ব্যবধান মুছে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরে কাজাখস্তান। ২৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে সমতা ফেরান কুয়ান্ডিক। দু’মিনিট পর ঝাঙ্গির সেরিকের দূরপাল্লার শটে ফের এগিয়ে যায় কাজাখস্তান।

তবে হার মানতে রাজি ছিল না ভারত। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে আবার গোল লালমপুইয়ার। দীপক সিং আরামবামের কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। ৫-৫ ব্যবধানে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেই প্রসিদ্ধ, চোটের ধাক্কা ভারতীয় শিবিরে, বদলি হিসেবে যোগ দিচ্ছেন কে? ঘোষণা বোর্ডের

টাইব্রেকারে প্রথম চারটি শটে দু’দলই গোল করে। ভারতের হয়ে গোল করেন নারা, ভিক্টর লালমপুইয়া, বিরজিৎ সিং আমোম এবং মহম্মদ সোহিল খান। কিন্তু পঞ্চম শটে লালরেম রুয়াতফেলার শট ক্রসবারে লেগে ফিরে আসে। কাজাখস্তানের সেরিকও পঞ্চম শটে পোস্টে মারায় লড়াই গড়ায় সাডেন ডেথে।

সেখানেই শেষ পর্যন্ত হার মানে ভারত। সৌম্যজিৎ সরকারের শট আটকে দেন কাজাখস্তানের গোলরক্ষক। অন্য দিকে, ঝানসেইত আবুজুসিপ গোল করে কাজাখস্তানের জয় নিশ্চিত করেন। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে যায় তারা।

এর আগে একই দিন আফগানিস্তানের কাছে ১-২ গোলে হেরেছিল ভারত। ফলে পরপর দু’টি হারে আরও পিছিয়ে পড়ল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। এ বার ৮৭তম স্থানের প্লে-অফে কিউবার মুখোমুখি হবে তারা।

দেখুন: